হানিমুনের জন্য সাজল ট্রেনের কামরা, পদক্ষেপ রেলের, সুহাগরাত এক্সপ্রেস বলে কটাক্ষ
ছবি দেখে বোঝা মুশকিল ট্রেনের কামরা নাকি হানিমুন স্যুইট। বিষয়টি সামনে আসতেই কড়া ব্যবস্থা নিল রেল। নেটিজেনরা মজা করে বললেন সুহাগরাত এক্সপ্রেস।
ট্রেনের এসি কামরা। তাও প্রথম শ্রেণির। ফলে আলাদা আলাদা কেবিন। তারই একটি কেবিন দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা। ট্রেনের কেবিন না হানিমুন স্যুইট বোঝা দায়।
চারধার গোলাপের পাপড়িতে ভরা, সাদা ধবধবে চাদর, বালিশ। রয়েছে রঙিন বেলুন। একেবারে রোমান্টিক আবহ। এই ছবি সামনে আসতেই অবশ্য পদক্ষেপ করল রেল। এমনটা যে করা যায়না তা স্পষ্ট করে দিয়েছে রেল।
ঘটনাটি মহারাষ্ট্রের জালনা স্টেশনে দাঁড়ানো নান্দেডগ্রাম এক্সপ্রেসের। এই ট্রেনের প্রথম শ্রেণির এসি কামরার একটি কেবিন এভাবে সাজায় একটি স্থানীয় সংস্থা। রেলের দাবি, তারা না জানিয়েই ওই কেবিনে ঢুকে নবদম্পতি সেখানে আসার আগেই পুরোটা সাজিয়ে ফেলে।
জালনা থেকে এক নবদম্পতির সফর করার কথা ছিল ওই কেবিনে। কিন্তু কোনও অনুমতি ছাড়া এভাবে কামরায় ঢুকে কেবিনকে সাজানোর জন্য ওই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।
ওই নবদম্পতি ব্যক্তিগতভাবে ওই ডেকরেটর সংস্থাকে এই কাজে নিয়োগ করেছিলেন বলেও জানানো হয়েছে। কোনও ডেকরেটর এভাবে ট্রেনের কামরায় ঢুকে পড়া বেআইনি বলেও স্পষ্ট করেছে রেল।
ওই কামরার দায়িত্বে থাকা রেল কর্মীদের সাসপেন্ড করেছে রেল। ঘটনার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও স্পষ্ট করেছে দক্ষিণ মধ্য রেল।
রেলের তরফে নেওয়া পদক্ষেপ থেকে স্পষ্ট যে এমন ঘটনা রেল কোনওভাবেই বরদাস্ত করবেনা। এদিকে নেটিজেনদের একাংশ একে সুহাগরাত এক্সপ্রেস বলে কটাক্ষ করেছেন।













