ইতিহাসের দরজায় ভারতীয় রেল, কোথা থেকে কোথায় যাবে হাইড্রোজেন জ্বালানির ট্রেন
হাইড্রোজেন জ্বালানির ট্রেন এবার ছুটতে চলেছে ভারতে। কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যাবে এই ট্রেন, তাও স্থির হয়ে গেল।
নতুন ইতিহাস রচনা করতে চলেছে ভারতীয় রেল। এবার ভারতের বুকে ছুটবে হাইড্রোজেন জ্বালানির ট্রেন। পরিবেশ বান্ধব জ্বালানি নির্ভর এই ট্রেন এক নতুন যুগের সূচনা করতে চলেছে ভারতীয় যাত্রীদের সামনে।
এই ট্রেন কোন রুটে ছুটতে চলেছে তাও স্থির হয়ে গেল। ১০ কামরার এই হাইড্রোজেন জ্বালানির ট্রেনটির গতি হবে সর্বোচ্চ ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। ১২০০ কিলোওয়াটের হাইড্রোজেন ফুয়েল সেল প্রপালশন সিস্টেম নির্ভর এই ট্রেনটি ভারতের মানুষের কাছে যেমন এক পরিবেশ বান্ধব উপহার হতে চলেছে, তেমনই ভারত নাম লেখাতে চলেছে বিশ্বের হাতেগোনা হাইড্রোজেন জ্বালানি নির্ভর ট্রেন থাকা দেশের তালিকায়।
কারণ বিশ্বে আমেরিকা, চিন, জার্মানি এবং জাপান হল কয়েকটি মাত্র দেশ যেখানে হাইড্রোজেন জ্বালানি নির্ভর ট্রেন চলাচল করে। ভারতের ঝিন্দ সোনিপত সেকশনে প্রথম ছুটতে চলেছে হাইড্রোজেন ট্রেনটি। যে ট্রেন ছুটে চলার প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে ভারতীয় রেল।
হাইড্রোজেন জ্বালানি নির্ভর ট্রেন ছোটার সময় হাইড্রোজেন কাজে লাগিয়ে একধরনের রাসায়নিক বিক্রিয়া করে। যা বিদ্যুৎ উৎপাদন করে ট্রেনটিকে চালিয়ে নিয়ে যায়। ট্রেনটি যা নির্গত করে তা হল জলীয় বাষ্প।
ফলে ট্রেনটি চলার সময় কেবল জলীয় বাষ্প বাতাসে মেশে। পরিবেশ রক্ষায় যে জিরো কার্বন এমিশন বা কার্বন নির্গমন একদম শূন্যে পৌঁছনোর চেষ্টা চলছে, হাইড্রোজেন ট্রেন সেই পথে দেশকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











