National

ট্রেন, স্টেশন ও যাত্রী সুরক্ষায় আধুনিক ব্যবস্থার সঙ্গে যাত্রীদের পাশে চাইছে রেল

ট্রেন ও যাত্রীদের সুরক্ষায় কোন কোন আধুনিক সুবিধা কাজে লাগাচ্ছে রেল তা একটি উচ্চপর্যায়ের বৈঠকে আরও একবার পরিস্কার করে দিলেন রেলমন্ত্রী।

গত কয়েকদিনে একাধিক রেল দুর্ঘটনার খবর সামনে এসেছে। এটা ঠিক যে তাতে হতাহতের তেমন খবর নেই। তবে আগুন লাগা থেকে কামরা উল্টে যাওয়া সবই হয়েছে। এসব ঘটনাকে হালকা ভাবে নিতে রাজি নয় রেলমন্ত্রক।

রেল আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল সুরক্ষায় বিশেষ নজর দিয়েছেন। ট্রেন লাইন থেকে কামরা, যাত্রী থেকে রেলস্টেশন, প্রতিটি ক্ষেত্রেই ভারতীয় রেল তার সুরক্ষা বন্দোবস্তকে আরও শক্তিশালী করে চলেছে।

সেই নিরন্তর প্রয়াসের মধ্যেও রেল দুর্ঘটনার পর তার তদন্তে একটি বিষয় নজরে এসেছে। এসব দুর্ঘটনার পিছনে অসামাজিক লোকজনের হাত রয়েছে বলে জানতে পারা গেছে।

এটা হালকা ভাবে নিচ্ছে না রেল। রেল সুরক্ষাকে মজবুত করতে জিআরপি ও আরপিএফ-এর মধ্যে তথ্য আদানপ্রদান আরও বাড়ানোর দিকে নজর দেওয়া হয়েছে।

রেলমন্ত্রী জানিয়েছেন, ট্রেন, যাত্রী, স্টেশন সহ বিস্তীর্ণ রেলপথের সুরক্ষা নিশ্চিত করতে এখন সিসিটিভি, ড্রোন এবং এআই-এর সুবিধা কাজে লাগানো হচ্ছে। যা রেল সুরক্ষাকে আরও শক্তিশালী করে তুলেছে। সেই সঙ্গে এবার রেল সুরক্ষায় যাত্রীদের যোগদানও চাইছে রেল।

ট্রেনে সফর করাকালীন বা স্টেশনে অপেক্ষারত অবস্থায় যাত্রীরা যদি কোনও অসামাজিক কার্যকলাপ দেখতে পান তাহলে তা দ্রুত রেলকে জানাতে অনুরোধ করা হয়েছে। এতে খারাপ উদ্দেশ্য নিয়ে ট্রেন বা স্টেশনে হাজির হওয়া মানুষজনকে দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ায় সুবিধা হবে বলেই মনে করছে রেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article