বরফের মতো ফুল এতদিন ফুটছিল জঙ্গলে, দেখে মুগ্ধ বিজ্ঞানীরা
গভীর জঙ্গলে সনাক্ত হল বিজ্ঞানের কাছে অজানা ২ ফুল। যার একটির বরফের মতো সাদা রং মুগ্ধ করেছে গবেষকদের।
ঘন জঙ্গলের মধ্যে এতদিন নীরবে ফুটে ছিল ২টি ফুল। পর্যটক বা বনকর্মীদের চোখে পড়লেও বিজ্ঞানের খাতায় তাদের কোনও পরিচয় ছিলনা। এবার গবেষকেরা নিশ্চিত করেছেন, এগুলি সম্পূর্ণ নতুন ২ উদ্ভিদ প্রজাতি।
থাইল্যান্ডের খুনপাওর জাতীয় উদ্যানে সনাক্ত হওয়া নতুন প্রজাতি ২টির নাম ডিডিমোকার্পাস নিভেআস এবং ডিডিমোকার্পাস ভিলাউয়ানিয়া। এরমধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ডিডিমোকার্পাস নিভেআস।
ছোট্ট ফানেলের মত দেখতে এই ফুল প্রায় পুরোপুরি সাদা। সেই রং থেকেই এসেছে তার নাম। ল্যাটিন ভাষায় নিভেআস শব্দের অর্থ বরফের মত সাদা।
তবে আবিষ্কারের গল্প এখানেই শেষ নয়। ডিডিমোকার্পাস নিয়ে বৃহত্তর শ্রেণিবিন্যাসগত গবেষণায় থাইল্যান্ড থেকে মোট ১০টি নতুন প্রজাতির বর্ণনা করেছেন বিজ্ঞানীরা। ফলে দেশটিতে এই গণের পরিচিত প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫টি।
নতুন প্রাণির আবিষ্কার সাধারণত দ্রুত শিরোনামে উঠে আসে। কিন্তু গাছপালার জগতেও যে এখনও কত অজানা সদস্য লুকিয়ে রয়েছে, এই আবিষ্কার তারই প্রমাণ।
সবচেয়ে আশ্চর্যের বিষয়, দূর কোনও অজানা দ্বীপে নয়, একটি পরিচিত জাতীয় উদ্যানের জঙ্গলেই এতদিন চোখের সামনে ফুটছিল বিজ্ঞানের কাছে অচেনা এই ফুল।











