জঙ্গলে কারও সাহায্য ছাড়াই হেঁটে বেড়ায় এই গাছ, সকলে চেনেন ওয়াকিং ট্রি নামে
গাছ সারা জীবন এক জায়গায় কাটিয়ে দেয়। তবে এ গাছ একেবারে অন্যরকম। অন্য গাছ সারা জীবন দাঁড়িয়ে থাকলেও এ গাছটি হেঁটে বেড়ায়।
মানুষ সহ অন্য জীবজন্তু হাঁটতে পারে। কিন্তু গাছেরা কি হাঁটতে পারে? যে কাউকে জিজ্ঞেস করলেই উত্তর হবে, না। গাছ হাঁটতে পারেনা। কিন্তু পৃথিবীতে ব্যতিক্রমের অভাব নেই। যেমন গাছেরা হাঁটতে না পারলেও একটি গাছ এমনও রয়েছে যে হাঁটতে পারে।
তাকে এক জায়গায় দেখার পর কয়েক বছর কাটলে তাকে ঠিক ওইখানে আর পাওয়া যায়না। সে এগিয়ে যায়। গাছ হেঁটে বেড়ায় জঙ্গলে! শুনলে যতই বিষয়টি ভৌতিক মনে হোক না কেন, আদপে এটি নিছকই প্রাকৃতিক। এ গাছ হাঁটতে পারে বলেই এ গাছকে সকলে চেনেন ওয়াকিং ট্রি নামে।
কীভাবে হেঁটে বেড়ায় এই গাছ? এই গাছগুলি বিশাল আকৃতির হয়। এগুলি তালগাছের একটি প্রকার। যা পাওয়া যায় মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকায়। ইকুয়েডর তো এই গাছের জন্য বিখ্যাত।
গাছগুলি তার শিকড়ের হাত ধরে হেঁটে বেড়ায়। গাছের শিকড়গুলি ছড়িয়ে যায় পাশে। তারপর তার পুরনো শিকড়টি নষ্ট হয়ে যায়। তখন নতুন তৈরি হওয়া শিকড়ে ভর করে গাছটি এগিয়ে যায়। কারণ শিকড়টি গাছ থেকে বেরিয়ে পুরনো শিকড়দের এড়িয়ে পাশের মাটি আঁকড়ে ধরে।
এবার যখন পুরনো শিকড় নষ্ট হয়ে যায়, তখন নতুন শিকড়ের কাঁধে ভর করে গাছটি পাশের মাটিতে মাথা তুলে থাকে। এভাবে প্রতিবছর এই ওয়াকিং পাম গাছ ২ থেকে ৩ সেন্টিমিটার এগিয়ে যায়।
এভাবে যদি কয়েক বছর কাটে, তাহলে গাছটি চেনা জায়গা থেকে কিছুটা হলেও দূরে সরে যায়। আর এভাবেই তার হাঁটা অব্যাহত থাকে তার শিকড় বদলের হাত ধরে।












