এই প্রথম ভারতের মাটি থেকে এমন এক রকেট মহাকাশে যেতে চলেছে, জানা গেল যাত্রার দিন
ভারতের মাটি থেকে অনেক রকেট মহাকাশে পাড়ি দিয়েছে। কিন্তু এ রকেট একদম আলাদা। কবে যাত্রা করবে তাও জানা গেল।
নাম বিক্রম-১। সেই রকেট যাত্রা করবে মহাকাশে। সঙ্গে যে পেলোড নিয়ে যাবে তা নির্দিষ্ট কক্ষে প্রতিস্থাপিতও করবে। এটাই তার কাজ। কিন্তু একটি রকেট অনেক কৃত্রিম উপগ্রহ বা যন্ত্র নিয়ে ভারতের মাটি থেকে মহাকাশে পৌঁছেছে, এরমধ্যে নতুন কি আছে? এমন তো আগেও বহুবার হয়েছে। এমন কি ইসরো তো বিদেশের কৃত্রিম উপগ্রহও মহাকাশে পাঠায়।
এবার ভারতের মাটি থেকে প্রথমবার মহাকাশে পেলোড নিয়ে উড়ে যেতে চলেছে একটি অরবিট ক্লাস রকেট। যা তৈরি হয়েছে বেসরকারি উদ্যোগে। এটাই প্রধান চমক।
কারণ এই প্রথম ভারতের মাটি থেকে মহাকাশে উড়ে গিয়ে কিছু কক্ষে প্রতিস্থাপিত করতে চলেছে বেসরকারি উদ্যোগে তৈরি রকেট। যার নাম বিক্রম-১। স্কাইরুট এরোস্পেস নামে একটি সংস্থা এই রকেট তৈরি করেছে। এই মিশনের নাম দেওয়া হয়েছে মিশন আগমন।
আগামী ১২ জুলাই এই রকেটের মহাকাশে উড়ে যাওয়ার কথা। ওইদিন যদি আবহাওয়া জনিত কারণ বা যান্ত্রিক ত্রুটি সংক্রান্ত কারণ বা অন্য কোনও কারণে উড়ান বাতিলও হয় তাহলেও ৪ অগাস্টের মধ্যে এই রকেট মহাকাশে উড়ে যাবে যে কোনও দিন।
আর যেদিন উড়ে যাবে এবং মহাকাশে পৌঁছে তার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করবে সেদিন ভারতে শুরু হবে এক নতুন অধ্যায়ের। লেখা হবে ইতিহাস। আগামী দিনে ভারতের মহাকাশ অভিযানের ক্ষেত্রে এক নতুন রাস্তা খুলে যাবে, বেসরকারি উদ্যোগে এমন অভিযানের পথ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













