SciTech

মহাকাশে উড়ে গেল বিক্রম-১, ইতিহাস গড়ে দেশে শুরু হল নতুন যুগের

মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত এখন বিশ্বের অন্যতম প্রধান রাষ্ট্র। সেখানেই এবার শুরু হল এক যুগের। দেশের প্রথম বেসরকারি মহাকাশযান উড়ে গেল মহাকাশের পথে।

ভারতের মহাকাশ গবেষণা ক্ষেত্রে শুরু হল এক নতুন যুগের। বেসরকারি উদ্যোগের প্রবেশ ঘটল এই ক্ষেত্রে। শনিবার স্টার্টআপ সংস্থা স্কাইরুট তাদের বিক্রম-১ মহাকাশযান পাঠাল আকাশে। আর তার সাথেই লেখা হল নতুন ইতিহাসের।

এদিন বেলা সাড়ে ১১টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান লঞ্চপ্যাড থেকে আকাশে উড়ে যাওয়ার কথা থাকলেও তা বিশেষ কারণে পিছিয়ে যায়। বিক্রম-১ অবশেষে ১২টা ৫ মিনিটে উড়ে যায় মহাকাশে।

এটিই ভারতের প্রথম বেসরকারি অরবিটাল লঞ্চ ভেহিকল। এই মিশনের নাম দেওয়া হয়েছে মিশন আগমন। বিক্রম-১ উড়ান শুরুর আগে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে লেখা পোস্টকার্ড, যাতে বন্দেমাতরম লেখা রয়েছে, সেটিও এই মহাকাশযানে পাড়ি দিল আকাশে।

বিক্রম-১ একটি টেস্ট ফ্লাইট অর্থাৎ পরীক্ষামূলক উড়ান। তবে এর হাত ধরে ভারত প্রবেশ করল বিশ্বের বেসরকারি অরবিটাল লঞ্চ বাজারে। যা আগামী দিনে ভারতের বাণিজ্যিক মহাকাশ উড়ানে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হয়ে রইল।

বাণিজ্যিকভাবে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর বাজারে ভারত একটা জায়গা তৈরির পথে পা বাড়িয়ে দিল। যা আগামী দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত স্কাইরুটের এটি দ্বিতীয় উড়ান। এর আগে ২০২২ সালের ১৮ নভেম্বর বিক্রম-এস নামে একটি রকেট পাঠিয়েছিল তারা। তবে সেটা অরবিটাল লঞ্চ ছিলনা। ছিল সাব-অরবিটাল রকেট। সে উড়ান সফল হয়েছিল। ভারতে এখন একাধিক বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্টার্টআপ হয়ে কাজ করছে। তার একটি স্কাইরুট।

Show Full Article