আবর্জনা ফেলার জায়গা হয়ে গেল বেড়ানোর জায়গা, ভিড় জমাচ্ছেন পর্যটকেরা

এমন একটা জায়গা যেখানে একটি বিশেষ ধরনের আবর্জনা ফেলা হয়। সেই আবর্জনা ফেলার জায়গা যে কোনওদিন পর্যটকদের আকর্ষিত করতে পারে তা বোধহয় কেউ ভাবেননি।

রাজস্থানের কিষাণগড়ে মার্বেল ডাম্পিং ইয়ার্ড, ছবি – সৌজন্যে – ফেসবুক – @Ramesh Gupta

কোনও জায়গা যেখানে আবর্জনা ফেলা হয়, নষ্ট অংশ ফেলে দেওয়া হয়, সেই জায়গা কীভাবে পর্যটকদের পছন্দের হতে পারে? এ প্রশ্ন মনে আসতেই পারে। যার উত্তর পেতে চলে যেতে হবে মরুরাজ্য রাজস্থানের কিষাণগড়ে।

এই কিষাণগড়ের খ্যাতি সেখানকার মার্বেলের কাজের জন্য। এখানে মার্বেল কাটা ও তা পালিশ করার কাজ হয়। এখানে অনেক এমন কারখানা রয়েছে।

মার্বেল কাটতে গেলে বা পালিশ করতে গেলে তা থেকে সাদা ধুলোর মত মার্বেলের গুঁড়ো বার হয়। যার কোনও কাজ নেই। তা ফেলে দেওয়া হয়। কিষাণগড়ে এমন একটা জায়গা রয়েছে যেখানে এই মার্বেলের বর্জ্য ফেলে দেওয়া হয়।

বহুকাল ধরে সেখানে মার্বেলের গুঁড়ো ও ধুলো ফেলা হওয়ায় সেই মার্বেল আবর্জনা ক্ষেত্র এক অন্য রূপ নিয়েছে। চারধার সাদা ধবধব করে। দেখে মনে হবে যেন বরফ পড়ে আছে। অনেক দূর পর্যন্ত এই সাদা মার্বেলের গুঁড়োর স্তূপ চোখ ধাঁধিয়ে দেয়।

একটা মার্বেল আবর্জনা ফেলার জায়গা তাই এখন এক অপরূপ রূপ নিয়েছে। যা দেখতে অনেক পর্যটক এখন ভিড় জমাচ্ছেন এখানে। সেই সাদা হয়ে যাওয়া চারধার তাঁদের আকর্ষিত করছে।

এখানে পর্যটকদের পাশাপাশি হাজির হচ্ছেন সিনেমা নির্মাতারাও। এমনকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও এখানে দলে দলে হাজির হচ্ছেন। মার্বেলের আবর্জনা ফেলার জায়গা যে এভাবে কোনওদিন পর্যটনকেন্দ্র হয়ে উঠবে তা এখানকার স্থানীয় মানুষও কখনও ভাবতে পারেননি।