ভারতীয় রেল এখন নানা ক্ষেত্রেই আধুনিকতার পাশাপাশি নতুন অধ্যায় গড়ার পথে হাঁটছে। বাড়ছে সুবিধা। একাধারে যাত্রী পরিবহণ যেমন উন্নত হচ্ছে, তেমনই তাল মিলিয়ে পণ্যপরিবহনকে আরও শক্তিশালী করে তুলেছে তারা।
এবার তেমনই একটি নতুন পদক্ষেপ ইতিহাস রচনা করল। ভারতীয় রেল পণ্যপরিবহনে নতুন পথচলা শুরু করল। শুরু হল রেলের মাধ্যমে নুন পরিবহণ। এই প্রথম নুন নিয়ে যাত্রা করল পণ্যবাহী ট্রেন।
নুন খুব দ্রুত আর্দ্রতা শুষে নিতে পারে। সেকথা মাথায় রেখে সাধারণ পণ্যবাহী কামরার থেকে নুন পরিবহণের কামরা একদম আলাদা করা হয়েছে। কামরাগুলি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়েছে।
যার ওপর থেকে নুন ভরা হবে। আর গন্তব্যে পৌঁছে নুন নামানোর সময় ধার থেকে নামানো হবে। সে সময় ওই নুনবাহী স্টিলের কামরা একটু কাত হয়ে যাবে। যাতে কামরা দ্রুত ফাঁকা করা সম্ভব হয়।
কচ্ছের শিবলাখা থেকে যাত্রা শুরু করে এই পণ্যবাহী ট্রেনের গন্তব্য ছিল মিঠাপুর। ভিডিও কনফারেন্সে এই যাত্রার উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
ভারতীয় রেল চাইছে গুজরাটের কচ্ছের বিভিন্ন নুন উৎপাদন কেন্দ্রগুলি থেকে রেলপথে নুন বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে। আর সেজন্য আলাদা পণ্যবাহী লাইনও কাজে লাগাতে চাইছে তারা। যাতে নুন পরিবহণ অনেকটা গতি পায়। প্রসঙ্গত ভারতের অন্যতম নুন উৎপাদক এলাকা হল কচ্ছ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা