মাটির তলা থেকে পাওয়া গেল ২ কেজি ২০০ গ্রাম ওজনের বিরলতম চুনি পাথর
এক অতিকায় চুনি পাথরের খোঁজ পাওয়া গেল মাটির তলায়। যা গোটা বিশ্বকে অবাক করেছে। চুনি পাথরটির ওজন ২ কেজি ২০০ গ্রাম।
বিভিন্ন দামি গয়না অথবা আংটির পাথর হিসাবে লাল ঝলমলে বহুমূল্য পাথরটির নাম চুনি। যার প্রতি ক্যারেটের দাম নেহাত কম নয়। এমনই এক বহুমূল্য রত্নের খোঁজ পাওয়া গেল একটি খনিতে।
খনিতে কর্মরত শ্রমিকরাই সেটির দেখা পান। তারপরই উদ্ধার করা হয় ১১ হাজার ক্যারেটের ওই চুনি পাথর। এত বড় চুনি পাথর বিশ্বজুড়েই খুব কম পাওয়া যায়।
মায়ানমারের একটি খনি থেকে উদ্ধার হওয়া এই ১১ হাজার ক্যারেটের চুনিটি সে দেশে পাওয়া যাওয়া দ্বিতীয় বৃহত্তম চুনি পাথর। সবচেয়ে বড়টি উদ্ধার হয়েছিল ১৯৯৬ সালে। সেটির ওজন ছিল ২১ হাজার ক্যারেটেরও বেশি।
আপার মান্দালয়ের মোগোক নামে জায়গা থেকে এই ১১ হাজার ক্যারেটের চুনি পাথরটি পাওয়া গেছে। মায়ানমারে নববর্ষ পালন হয় মধ্য এপ্রিলে। সেই সময়ই এই পাথরটির দেখা পাওয়া গিয়েছিল। তারপর তা উদ্ধার করা হয়।
বিশ্বজুড়ে যে চুনি পাথর পাওয়া যায় তার ৯০ শতাংশই পাওয়া যায় মায়ানমারে। মায়ানমারের মোগোক এলাকায় প্রচুর চুনি পাওয়া যায়। সেগুলি নানা আকার ও ওজনের হয়।
তবে এবার যে ১১ হাজার ক্যারেটের চুনিটি উদ্ধার হয়েছে তা খবর হয়েছে তার ওজনের কারণে। এত বড় চুনি অতি বিরল। তাই এটি পাওয়ার পর মায়ানমারের সংবাদমাধ্যমেও চুনিটি বিশেষ খবর হিসাবে জায়গা করে নিতে পেরেছে।











