Let’s Go

হাজার বছরের ঐতিহ্যের স্থাপত্যকীর্তি পালন করছে ভারতের এই সূর্য মন্দির

কোণার্ক নয়। ভারতের এই বিখ্যাত সূর্য মন্দির পা রাখল ১ হাজার বছর বয়সে। ঠিক ১ হাজার বছর বয়স হল তার। যা পালিত হচ্ছে ধুমধাম করে।

একটি সূর্য মন্দির। মন্দিরটি তৈরি হয়েছে পূর্ব থেকে পশ্চিমে। যার প্রতিটি বাঁক ও খাঁজ সূর্যকে মাথায় রেখে তৈরি করা হয়েছিল। এ এক অনন্য স্থাপত্য। ভারতে সূর্য মন্দির কথাটা বললে প্রথমেই যে নামটা সামনে আসে তা হল কোণার্কের সূর্য মন্দির। কিন্তু এ মন্দির কোণার্কে নয়। বরং তার ঠিক উল্টো প্রান্তে।

মন্দিরটি তৈরি হয়েছিল ১০২৬ খ্রিস্টাব্দে। তাই এবার তার ১ হাজার বছর পূর্ণ হল। মন্দিরটি ৩টি প্রধান ভাগে বিভক্ত। ৩টি ভাগ হল সূর্য কুণ্ড, সভা মণ্ডপ এবং অতি পবিত্র কক্ষ।

মন্দিরের শুরুতেই রয়েছে সূর্য কুণ্ড। যার চারধার মিলিয়ে রয়েছে ১০৮টি মন্দির। এরপর সভা মণ্ডপ। যা ৫২টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। শেষে রয়েছে সেই পবিত্র কক্ষ বা গর্ভগৃহ, যেখানে একসময় সূর্য দেবতার মূর্তির অধিষ্ঠান ছিল।

জলবিষুব ও মহাবিষুবের দিন সূর্যের রশ্মি সরাসরি গিয়ে পড়ত ওই সূর্য দেবতার মূর্তির ওপর, এমনভাবেই তৈরি করা হয়েছিল মন্দিরটি। আবার প্রতিদিনই সূর্যের প্রথম রশ্মি এসে পড়ত মন্দিরের ভিতরে।

এই মন্দিরের স্থাপত্যে জ্যোতির্বিজ্ঞানের মাপজোক স্পষ্ট। এ মন্দিরের প্রতিটি বাঁকে রয়েছে শিল্পের ছোঁয়া। গুজরাটের মোধেরার সূর্য মন্দির তাই আজও পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণ। অনেক পর্যটকই মন্দিরের প্রতিটি কোণা ঘুরে দেখেন। অবাক হন ১ হাজার বছর আগের স্থাপত্যকীর্তির অসামান্য দক্ষতা দেখে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article