মালপত্র নিয়ে ট্রেনে সফরের ক্ষেত্রে যাত্রী সুবিধায় নতুন ব্যবস্থা আনল ভারতীয় রেল
অনেক যাত্রীই ট্রেনে সফরের সময় সঙ্গে যথেষ্ট মালপত্র নিয়ে যাত্রা করেন। তাঁদের সেই অতিরিক্ত মালপত্র ট্রেনে নিয়ে যাওয়ার জন্য অভিনব ব্যবস্থা করল ভারতীয় রেল।
দূরপাল্লার সফরে যাত্রীদের সঙ্গে মালপত্র তো থাকেই। সুটকেস, ব্যাগ নিয়ে তাঁরা ওঠেন। যা সিটের তলায় বা আসনের কোণায় রেখে দেন তাঁরা। কিন্তু অনেক এমন যাত্রী আছেন যাঁরা এর চেয়ে অনেক বেশি মালপত্র নিয়ে সফর করেন। তাঁদের সেই অতিরিক্ত মালপত্র নিয়ে যাওয়ার জন্য রেলওয়ে পার্সেল কাউন্টারে গিয়ে লাইন দিতে হত।
ট্রেনে চড়ার আগে এই লাইন দেওয়া, টাকা দিয়ে বুক করার ঝক্কি থেকে এবার রেহাই দিল রেল। রেল এবার এই অতিরিক্ত মালের জন্য যাত্রীদের পার্সেল কাউন্টারে লাইন দেওয়া থেকে মুক্তি দিল।
এবার নির্ধারিত পরিমাণের বেশি মালপত্র নিয়ে ট্রেনে যাতায়াতের জন্য লাইন না দিয়ে অনলাইনে সফরের জন্য ট্রেনের টিকিট বুকিং করার সময়ই অতিরিক্ত মালের জন্য এক্সেস লাগেজ বুকিং করতে পারবেন যাত্রীরা। সেটা অনলাইনে আগে থেকেই করে রাখা যাবে। ফলে সফরের দিন বাড়তি চিন্তা নিয়ে স্টেশনে যাওয়া, সেখানে লাইন দেওয়ার দরকার পড়বে না।
এসি প্রথম শ্রেণি, এসি ২ টায়ার, এসি ৩ টায়ার, প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির টিকিটে সফর করা যাত্রীদের সকলেই এই সুবিধা ভোগ করতে পারবেন। অনলাইনেই তাঁরা বিনা পরিশ্রমে এই কাজ সম্পূর্ণ করে ফেলতে পারবেন। তাও আবার টিকিট কাটার সময়ই।
প্রসঙ্গত এখন এসি প্রথম শ্রেণির যাত্রীরা ৭০ কেজি, এসি ২ টায়ার এবং প্রথম শ্রেণির যাত্রীরা ৫০ কেজি, দ্বিতীয় শ্রেণিতে সফররত যাত্রীরা ৩৫ কেজি পর্যন্ত মালপত্র বিনামূল্যে বহন করতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












