National

ট্রেনের এসি কামরার যাত্রীদের চাদরে দাগ লাগল কিনা নজরে রাখবে এআই ক্যামেরা

ট্রেনের এসি কামরার যাত্রীদের রেলের তরফ থেকে চাদর দেওয়া হয়। যে ২টি চাদর দেওয়া হয় তাতে দাগ লাগল কিনা সেদিকে এবার নজর রাখবে এআই ক্যামেরা।

যাঁরা ট্রেনে এসি কামরায় যাত্রা করেছেন তাঁরা জানেন সেখানে যাত্রীদের ২টি চাদর, তোয়ালে, কম্বল ও বালিশ দেওয়া হয়। যা ট্রেনে যাত্রার সময় ব্যবহার করে নামার সময় সিটেই রেখে নেমে যেতে হয়। সঙ্গে নিয়ে যাওয়া যায়না।

একবার সফরের পর সেগুলি সংগ্রহ করে রেলের লন্ড্রি বা ধোপাখানায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে চাদর, তোয়ালে কাচা হয়। তারপর তা সাফ করে পাট করে খামে মুড়ে ফের নতুন এক সফরে যাত্রীদের প্রদান করার জন্য তৈরি করা হয়।

২টি চাদরের একটি দেওয়া হয় সিটে পাতার জন্য। অন্যটি দেওয়া হয় কম্বলের তলায় দেওয়ার জন্য যাতে সরাসরি কম্বল শরীরে না লাগে। যখন এই চাদরগুলি রেলের ধোপাখানায় কাচা হয় তখন প্রতিটি চাদর পরীক্ষা করে দেখা হয়।

তার গুণগত মান ঠিক আছে কিনা, তা আর ব্যবহারযোগ্য আছে কিনা ইত্যাদি লক্ষ্য করা হয়। এমনকি এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে সেগুলি বাতিল করে দেওয়া হয়।

এই চাদরগুলি যাত্রীরা ব্যবহারের পর যখন ধোপাখানায় পৌঁছয় তখন তাতে অনেক দাগও থাকে। এই দাগ রয়ে গেল কিনা, কোথায় কোথায় দাগ রয়েছে, এগুলি খতিয়ে দেখার জন্য এবার রেল এক অভিনব পথে হাঁটা শুরু করছে। রেলের ধোপাখানাগুলিতে এবার এআই ক্যামেরা দিয়ে পরীক্ষা করে দেখা হবে দাগ।

আপাতত এটি পাইলট প্রকল্প হিসাবে আনছে রেল। মধ্য রেলওয়ের পুনে ডিভিশন এবং উত্তর পশ্চিম রেলের যোধপুর এবং জয়পুর ডিভিশনের ধোপাখানায় এই এআই ক্যামেরা দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article