National

ভারতে এই প্রথম তৈরি হল এমন রেলওয়ে আন্ডারপাস, তবে মানুষের জন্য নয়

দেশের নানা প্রান্তেই মানুষের সুবিধার জন্য রেলওয়ে আন্ডারপাস রয়েছে। কিন্তু এবার এমন এক আন্ডারপাস তৈরি হল যা মানুষের জন্য নয়। ভারতে এমন আন্ডারপাস এই প্রথম।

দেশে ছড়িয়ে থাকা রেললাইন পার করার জন্য আন্ডারপাস অনেক জায়গায় রয়েছে। রেল উপর দিয়ে চলে যায়। নিচ দিয়ে মানুষ নিজের মত যাতায়াত করতে পারে। এতদিন মানুষের জন্যই আন্ডারপাস তৈরি করা হত রেললাইনের তলা দিয়ে।

এই প্রথম দেশের রেলপথে এমন রেল আন্ডারপাস তৈরি হল যা মানুষের সুবিধার কথা ভেবে তৈরি হয়নি। এমন ৫টি আন্ডারপাস তৈরি হচ্ছে। যার মধ্যে একটি তৈরি হয়ে গেছে।

যদি আন্ডারপাসটি মানুষের জন্য তৈরি না হয়ে থাকে, তাহলে কেন তৈরি করা হল এই আন্ডারপাস? গুজরাটের গির অরণ্যে বিচরণ করে এশিয়াটিক লায়ন। এই সিংহরা অনেকসময় রেললাইনের ওপর চলে আসে। উল্টে দিকে যাওয়ার জন্য তারা রেললাইন হেঁটে পার হয়।

সেইসময় ট্রেন এসে গেলে ট্রেনের ধাক্কায় তাদের বড় ক্ষতি হয়ে যায়। এটা থেকে এশিয়াটিক লায়নদের রক্ষা করতে ধাসা-রাজুলা এবং রাজুলা-পিপাভাও রেলওয়ে সেকশনে লায়ন আন্ডারপাস তৈরি করেছে বন বিভাগ ও পশ্চিম রেলওয়ের ভাবনগর ডিভিশন। তাদের যৌথ উদ্যোগে তৈরি এই আন্ডারপাস তৈরি করা হয়েছে সিংহদের কথা মাথায় রেখে।

এই আন্ডারপাস দিয়ে যাতায়াত করলে সিংহরা আর রেললাইনের ওপর চলে আসবেনা। ফলে সিংহরা ট্রেনে ধাক্কা খাওয়ার হাত থেকে বাঁচবে। শুধু সিংহ বলেই নয়, এখানকার অন্য সব প্রাণিই এই আন্ডারপাস দিয়ে যাতায়াত করতে পারবে। এতে তাদেরও রেললাইনের ওপর আসতে হবেনা।

৯ কোটি ৪২ লক্ষ টাকা খরচ করে ভারতীয় রেলের প্রথম লায়ন আন্ডারপাস তৈরি হয়েছে। ১টি তৈরি হয়েছে। বাকি ৪টে তৈরির কাজ চলছে।

এতে যদি সত্যিই বন্যপ্রাণিদের রেললাইনে উঠে আসা কমে যায়, তারা এই আন্ডারপাস ব্যবহার করতে থাকে, তাহলে আগামী দিনে ভারতের যেখানে যেখানে এভাবে জঙ্গলের মধ্যে দিয়ে রেললাইন যাওয়ার ফলে বন্যপ্রাণিদের বড় ক্ষতির সম্ভাবনা থাকে সেখানে সেখানে এমন আন্ডারপাস তৈরি করা হবে। এমনই পরিকল্পনা। তবে তার আগে এই আন্ডারপাসের সাফল্য দেখতে চাইছেন রেল ও বন আধিকারিকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article