হরমুজের ধাক্কায় মরচেতে ভরে গেল ঝাঁ চকচকে যুদ্ধজাহাজ
যুদ্ধজাহাজের গায়ে পুরু মরচে। শুরু থেকে শেষ পর্যন্ত মরচে পড়ে গেছে। যা নিয়েই অবশেষে বন্দরে এসে দাঁড়াল রং করা ঝকঝকে যুদ্ধজাহাজ।
জাহাজ জলেই ভাসে। সেই জলের যানে পুরু মরচের স্তর। যা দেখে বন্দরে দাঁড়ানো বহু মানুষ হতবাক হয়ে যাচ্ছেন। এ জাহাজও কোনও সাধারণ জাহাজ নয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন।
১ হাজার ১০০ ফুট লম্বা এই যুদ্ধজাহাজ মার্কিন মুলুকের বড় ভরসা। সেই আব্রাহাম লিঙ্কন গত বছর নভেম্বরে মার্কিন বন্দর ছাড়ে। তা এতদিন মোতায়েন ছিল হরমুজ প্রণালীতে। ইরানকে রুখতে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধজাহাজকে মোতায়েন করেছিল।
যুদ্ধজাহাজটি জলেই ২৮৬ দিন কাটিয়ে ফেলে। আর তার জেরেই জাহাজের সারা গায়ে এখন মরচে পড়েছে। পুরু মরচের স্তর বহু দূর থেকেও দেখা যাচ্ছে। একটা রং করা সুন্দর ঝকঝকে যুদ্ধজাহাজের এমন বেহাল দশা দেখে অবাক হচ্ছেন অনেকেই।
এমন জাহাজ যদি টানা সমুদ্রে ৬০ দিনের বেশি কাটায় তাহলেই তার গায়ে মরচে পড়তে শুরু করে দেয়। কিন্তু যতদিন তা জলে থাকবে ততদিন তার এই মরচে মুছে ফেলে রক্ষণাবেক্ষণ সম্ভব নয়। প্রাইমার থেকে রং সবই করা যায় যদি তা বন্দরে পৌঁছে যায়।
জলস্তর নিচে না নামালে জাহাজের গায়ের মরচে সাফ করা অসম্ভব। তাই দরকার বন্দরে আসা। তারপর টানা অন্ততপক্ষে ৩০ দিন সেখানে থাকা। তবেই এই মরচে মুছে দেওয়া যাবে।
কিন্তু আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজটি থাইল্যান্ডের বন্দরে পৌঁছলেও অতদিন সেখানে থাকবে না। তাই আপাতত যেসব জায়গা আগে সাফ করা দরকার সেই জায়গা আগে সাফ করতে হবে।
সেটুকু ওই থাই বন্দরেই করে ফেলা হবে। খবরটি মার্কিন মুলুকের বিভিন্ন সংবাদমাধ্যম সহ বিশ্বের অনেক সংবাদমাধ্যমেই শোরগোল ফেলেছে।













