World

৩৭ কোটি টাকার ওপর দামে বিক্রি হল লৌহমানবের প্রথম দর্শন

চলছিল নিলাম। আর তাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল দাম। অবশেষে তা রেকর্ড অঙ্ক ছুঁয়ে ফেলে। যে দামে বিক্রি হয় লৌহমানবের প্রথম সামনে আসা।

একটা সময় ছিল যখন কমিকসের কদর বিশ্বজুড়ে ছিল। কেবল ছোটদের নয়, সব বয়সের মানুষের বিনোদনের এক বড় ভরসার নাম ছিল কমিকস চরিত্রদের অতিমানবিক সব চোখ ধাঁধানো কার্যকলাপ।

এই সব চরিত্রদের মধ্যে বেশ কয়েকটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল। যার একটি ছিল আয়রন ম্যান বা লৌহমানব। এই লৌহমানবের কার্টুনের আত্মপ্রকাশ ১৯৬৩ সালে মার্ভেলের টেলস অফ সাসপেন্স নম্বর ৩৯-এ।

সেই কমিকস বইয়ের প্রথম পাতায় যে ছবিটি ছিল সেটা ছিল নতুন চরিত্র লৌহমানবের। সেটা ছিল লৌহমানবের আত্মপ্রকাশ। সেই কমিকসের পাতায় থাকা লৌহমানবের প্রথম প্রকাশের ছবিটি এবার বিক্রি হল নিলামে। যার দাম ভারতীয় মুদ্রায় ৩৭ কোটি ৩০ লক্ষ টাকা ছুঁয়ে ফেলল।

এমন নানা কমিকস চরিত্র বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে। বই বিক্রি হয়েছে হট কেকের মত। তেমন সব চরিত্রদের কমিকস বইয়ে আত্মপ্রকাশ নিলামে বিক্রি জন্য যখনই সামনে এসেছে তার দাম তরতর করে চড়েছে।

তবে লৌহমানবের কমিকসের পাতায় প্রথম ছবি যে দামে বিক্রি হল তা একটা রেকর্ড। আজ পর্যন্ত এত দাম দিয়ে কোনও কমিকস চরিত্রের আত্মপ্রকাশ বিক্রি হয়নি।

এর আগে কমিকসের পাতায় ২০২২ সালে স্পাইডার-ম্যানের কালো পোশাকটির প্রথম দর্শন বিক্রি হয়েছিল ভারতীয় মুদ্রায় ৩২ কোটি ৩৪ লক্ষ টাকায়।

Show Full Article