SciTech

জলে ঘুরত ৪৩ ফুটের দানব ডাইনোসর, সবচেয়ে বড় তিমির দ্বিগুণ, খোঁজ পেলেন বিজ্ঞানীরা

এত বড় এক ডাইনোসর যে সমুদ্রে দাপটের সঙ্গে শাসন করেছে তার খোঁজ পেলেন বিজ্ঞানীরা। সবচেয়ে বড় তিমির দ্বিগুণ ছিল এর চেহারা।

ডাইনোসরদের মধ্যে সবচেয়ে ভয়ংকর ধরা হয় টিরেক্সকে। তারা স্থলে ঘুরত। এবার তেমনই ভয়ংকর এক ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। তবে তারা স্থলে নয়, জলে শাসন করত। অতি বিশাল চেহারার এই ডাইনোসরদের পাওয়া গিয়েছে টেক্সাসে।

৪৩ ফুটের এই ডাইনোসরের জীবাশ্ম উদ্ধারের পর বিস্মিত বিজ্ঞানীরাও। দেখা গিয়েছে এরা ছিল হিংস্র। এদের চোয়াল এতটাই শক্তিশালী ছিল যে তা করোটি গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখত। অর্থাৎ কোনও প্রাণির হাড়গোড় তার চোয়ালের চাপেই ভেঙে টুকরো হয়ে যেত।

বিজ্ঞানীরা এটাও জানতে পেরেছেন যে এরা নিজেদের প্রজাতির সঙ্গেও লড়াইয়ে জড়িয়ে পড়ত। ক্রেটেসিয়াস যুগে ১৪.৫ কোটি বছর থেকে ৬.৬ কোটি বছর পূর্বে এই জলচর ডাইনোসর সমুদ্রের সাক্ষাৎ আতঙ্ক হয়ে ঘুরে বেড়াত।

সমুদ্রে সবচেয়ে বড় প্রাণি বলতে এখন যে সর্ববৃহৎ তিমির কথা বলা হয়, তার দ্বিগুণ বড় চেহারা ছিল এই জলের টিরেক্সদের। বিজ্ঞানীরা এদের নাম দিয়েছেন জলের টিরেক্স। একটি মার্কিন জার্নালে এই প্রাণির খোঁজের খবর পাওয়ার পর তা গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে।

ডাইনোসর বলা হলেও এদের বিজ্ঞানীরা বলছেন মোসাসর প্রজাতির। যারা জলে বাস করত। যে জীবাশ্মটি উদ্ধার হয়েছে সেটির বয়স ৮ কোটি বছর বলে জানতে পেরেছেন বিজ্ঞানীরা। এতদিন মোসাসরের নানা প্রজাতির খোঁজ বিভিন্ন সময়ে পাওয়া গিয়েছে। তবে এত বড়ও যে কোনও মোসাসর হতে পারে তা এই প্রথম দেখতে পাওয়া গেল।

Show Full Article