৫ হাজার বছরের সমাধির ভিতর একের পর এক ঘর, পাথরের নিচে লুকিয়ে প্রাগৈতিহাসিক রহস্য
৫ হাজার বছর পুরনো পাথরের সমাধিতে একাধিক কক্ষ, বিশাল শিলাস্তম্ভ ও প্রাগৈতিহাসিক অন্ত্যেষ্টি রীতির গুরুত্বপূর্ণ সূত্র।
৫ হাজার বছরের পুরনো একটি প্রস্তর সমাধি নতুন করে প্রত্নতত্ত্ববিদদের আগ্রহের কেন্দ্রে এসেছে। বিশাল পাথরে তৈরি এই সমাধিটি সাধারণ সমাধিকক্ষ নয়, এর ভিতরে রয়েছে একাধিক পৃথক অংশ বা কক্ষ, যা প্রাগৈতিহাসিক মানুষের অন্ত্যেষ্টি রীতির জটিলতার ইঙ্গিত দেয়।
৪২ ফুট দীর্ঘ এই পাথর নির্মিত কাঠামোর কয়েকটি পাথরের উচ্চতা ৬ ফুটেরও বেশি। আধুনিক কোনও ক্রেন বা নির্মাণ যন্ত্র ছাড়াই এত বড় পাথর কীভাবে সরিয়ে এনে নির্দিষ্টভাবে বসানো হয়েছিল, তা এখনও বিস্ময়ের। গবেষকদের মতে, এমন কাঠামো নির্মাণে প্রয়োজন ছিল সংগঠিত শ্রম, পরিকল্পনা এবং সেই সময়ের তুলনায় উন্নত নির্মাণ জ্ঞান।
এই ধরনের বৃহৎ প্রস্তর সমাধি শুধু দেহ রাখার জায়গা ছিলনা বলেই মনে করেন গবেষকেরা। একই জায়গায় দীর্ঘসময় ধরে একাধিক ব্যক্তিকে সমাধিস্থ করার নজির থেকে ধারনা করা হয়, এগুলি পূর্বপুরুষ, পরলোকগমন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিল।
সমাধির ভিতরে পাওয়া বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্পেনের দক্ষিণ আইবেরিয়ার প্রাগৈতিহাসিক মানুষের জীবনযাপন ও অন্ত্যেষ্টি ক্রিয়াদি সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র দিচ্ছে। পাত্র, হাতিয়ার বা অলঙ্কারের মতো বস্তু থেকে জানা যেতে পারে দেহগুলির সঙ্গে কী রাখা হত এবং সেই সমাজের অন্য অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ ছিল কি না।
সব মিলিয়ে স্পেনের মালাগার এই প্রাচীন সমাধি যেন একটি ৫ হাজার বছরের পুরনো সময়ের দলিল, যার পাথর ও কক্ষ আজও হারিয়ে যাওয়া এক সমাজের গল্প তুলে ধরছে।












