শতাব্দী প্রাচীন বিলুপ্ত পাখি ফেরানোর লক্ষ্যে কৃত্রিম ডিম ফুটে বার হল ২৪টি মুরগির ছানা
লক্ষ্য ৫০০ বছর আগে হারিয়ে যাওয়া একটি পাখিকে পৃথিবীর বুকে ফিরিয়ে আনা। সেই লক্ষ্য পূরণ করতে প্রয়োজনীয় উদ্যোগ শুরু করে দিল একটি সংস্থা।
একটি কৃত্রিম ডিম। কোনও মুরগি এ ডিম পাড়েনি। তৈরি হয়েছে গবেষণাগারে। সেই ডিম ফুটে মুরগির ছানা বেরিয়ে এল। অবশ্য ডিম কৃত্রিম হলেও মুরগির ছানারা আসল। ওই একটি ডিম ফুটেই বার হয়েছে একসঙ্গে ২৪টি মুরগি ছানা।
তাহলে কি মুরগির চাষে নতুন জোয়ার আসতে চলেছে? মার্কিন সংস্থাটির লক্ষ্য কিন্তু সেটা নয়। এভাবে কৃত্রিম ডিম তৈরি করে তার থেকে মুরগি ছানা বার করাটা আদপে তাদের হারিয়ে যাওয়া প্রাণিদের পৃথিবীতে ফিরিয়ে আনার একটা পদক্ষেপ। লক্ষ্য পূরণে আরও একধাপ এগোল তারা।
তাদের লক্ষ্য হল জায়ান্ট মোয়া নামে একটি পাখিকে ফের পৃথিবীতে ফিরিয়ে আনা। প্রায় ৫০০ বছর আগে নিউজিল্যান্ডে এই জায়ান্ট মোয়া পাখিদের দেখা পাওয়া যেত। এ পাখিরা উড়তে পারত না। সে সময় এদের এত শিকার হয় যে ওই সময় জায়ান্ট মোয়া পাখি পৃথিবী থেকে উধাও হয়ে যায়।
সেই জায়ান্ট মোয়া পাখিকে ফিরিয়ে আনার লক্ষ্য স্থির করেছে এই মার্কিন সংস্থা। প্রাচীন ডিএনএ থেকে জায়ান্ট মোয়া ফেরানোর চেষ্টা শুরু করেছে তারা। আর সেই লক্ষ্যেই এই কৃত্রিম ডিম থেকে মুরগি ছানা বার করে সাফল্য পাওয়া।
ওই সংস্থা শুধু জায়ান্ট মোয়া বলেই নয়, সেই সঙ্গে হারিয়ে যাওয়া ডোডো পাখিদেরও পৃথিবীতে ফেরাতে উদ্যোগী। টেক্সাসের কোলোসাল বায়োসায়েন্সেস নামে সংস্থাই গতবছর তুষার যুগে পৃথিবীর বুক থেকে হারিয়ে যাওয়া ডায়ার উলফদের ফের ফিরিয়ে এনে তাকি লাগিয়ে দিয়েছিল। তাদের কৌশল একটাই। হারিয়ে যাওয়া প্রাণিদের ডিএনএ উদ্ধার করে তা থেকে ফের সেই প্রাণিদের বাঁচিয়ে তোলা।











