World

ছিলেন গাড়ি বিক্রেতা, হয়ে গেলেন বিশ্বের অন্যতম দেশের রাজপুত্র

স্কুলের গণ্ডি পার করে তিনি বেছে নিয়েছিলেন গাড়ি বিক্রির কাজ। সেই ২৬ বছরের যুবক আচমকাই দেশের রাজপুত্রের মর্যাদা পেয়ে গেলেন।

এ যেন বাস্তব নয়। রূপকথার কাহিনি। কারণ এমনটা তো রূপকথার গল্পে হয়। আর হয় সিনেমায়। কিন্তু বাস্তব অনেক সময় কল্পনার থেকেও বেশি আশ্চর্য করতে পারে। সেটাই হল এক ২৬ বছরের যুবকের সঙ্গে।

মায়ের কাছেই ছোট থেকে মানুষ। তাঁর বাবা কে সেটা তাঁকে পিছু তাড়া করে বেড়াত। কিন্তু সে নিয়ে কথা বলতে পারতেন না। মা তাঁকে একা বড় করেন।

স্কুলের গণ্ডি পার করে তিনি বেছে নেন তাঁর পছন্দের কাজ। গাড়ি বিক্রিকে পেশা হিসাবে বেছে নেন ২৬ বছরের যুবক ক্লিমেন্ট ভানদেনকারখোভ। বেলজিয়ামের বাসিন্দা ওই যুবকের পিতৃ পরিচয় নিয়ে মনের মধ্যে দ্বন্দ্বটা অবশ্য রয়েই যায়।

অবশেষে তাঁর পুরো জীবনটাই এক লহমায় বদলে যায়। তাঁকে পিতার পরিচয় দেন বেলজিয়াম রাজ পরিবারে রাজার ছোট ভাই। তিনি জানান, এক মডেলের সঙ্গে তাঁর ৭ বছরের সম্পর্কে ক্লিমেন্টের জন্ম হয়েছিল। ক্লিমেন্ট তাঁরই সন্তান।

ওই যুবককে রাজপরিবারের অংশ করে নিতে নিয়ম মেনে একটি অনুষ্ঠানও হয়। তারপর ক্লিমেন্ট এখন রাজপরিবারের অংশ। তাঁর একটি রাজপরিবারের নামও দেওয়া হয়েছে। তবে তিনি তাঁর পুরানো পদবী ছাড়তে নারাজ। মায়ের লড়াইকে মর্যাদা দিতে ক্লিমেন্ট চান নিজের পদবী বদল না করতে।

বাবার পরিচয় নিয়ে তাঁর মনের মধ্যে জমে থাকা প্রশ্ন। পরে সে বিষয়ে জানতে পেরেও কাউকে কিছু জানাতে না পারার যন্ত্রণা তিনি ভুলতে পারবেননা। এমনই মনে করেন ক্লিমেন্ট। বেলজিয়ামের তো বটেই, বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে খবরটি আলোড়ন ফেলে দেয়।

Show Full Article