Sports

শুরুতেই বিদায়, আশ্চর্য শাস্তির মুখে পড়ল ২ বারের বিশ্বকাপ জয়ী দল

বিশ্বকাপ থেকে কোনও বড় দলের বিদায় দুর্ভাগ্যজনক। তবে সেই বিদায় যে কোনও দলকে এমন আশ্চর্য শাস্তির মুখে ফেলতে পারে তা অবাক করেছে অনেককে।

ফুটবল বিশ্বকাপ জমে উঠেছে। শেষ হয়েছে প্রথম রাউন্ডের সব খেলা। এবারই প্রথম ৪৮টি দল অংশ নিয়েছে প্রতিযোগিতায়। তার থেকে ৩২টি দল দ্বিতীয় রাউন্ডে জায়গা পেয়েছে।

কোনও গ্রুপের শেষে থাকা দলটি সাধারণভাবে বিদায় নিয়েছে। সেই তালিকায় পড়েছে বিশ্বকাপের ইতিহাসে ২ বার কাপ জয়ী দল উরুগুয়ে। তারা তাদের গ্রুপে ২টি ড্র করেছে। একটি সৌদি আরব এবং অন্যটি কেপ ভার্দে-র বিরুদ্ধে। হেরেছে স্পেনের বিরুদ্ধে।

সব মিলিয়ে তাদের স্থান রয়েছে তাদের গ্রুপে সবচেয়ে শেষে। ফলে সেরা ৩২-এ যেতে পারেনি তারা। তারমানে এবার দেশে ফেরার পালা। আর সেখানেই এক আশ্চর্য শাস্তিমূলক পদক্ষেপ করল উরুগুয়ের ফুটবল ফেডারেশন।

তাদের দলের খেলোয়াড় থেকে অন্যদের জন্য দেশে ফেরার চার্টার্ড বিমান বাতিল করে দিয়েছে ফেডারেশন। এটাই শাস্তি। এরফলে উরুগুয়েমুখী বিভিন্ন বিমানে, অর্থাৎ যে বিমানে যে ফুটবলার টিকিট পাবেন, সেই বিমান ধরে তাঁদের দেশে ফিরতে হবে। তাও নিজেদের ব্যবস্থা করে নিতে হবে।

দেশে ফেরার বিমান খরচও খেলোয়াড় ও স্টাফদেরই বহন করতে হবে। দেশের ফুটবল ফেডারেশন এতটাই হতাশ যে খেলোয়াড়দের ফেরানোর দায়িত্ব থেকে সরে গিয়ে অভিনব শাস্তির পথ বেছে নিয়েছে তারা।

যেভাবে একটা দল হিসাবে উরুগুয়ে দল তাদের দেশ থেকে বিশ্বকাপ খেলতে পাড়ি দিয়েছিল, সেভাবে একসঙ্গে দলের সকলে মিলে আর ফেরা হল না।

Show Full Article
nilkantho.in App