দেশ থেকে ১ হাজার কেজি খাবার নিয়ে বিশ্বকাপ ফুটবল খেলতে এসেছে একটি দেশ
বিশ্বকাপ ফুটবলে এখন মাতোয়ারা গোটা বিশ্ব। ৪৮টি দেশের ফুটবল দল এসেছে খেলতে। তারমধ্যে ১টিমাত্র এমন দেশ রয়েছে যারা দেশ থেকে ১০০০ কেজি খাবার সঙ্গে এনেছে।
বিশ্বকাপ ফুটবলে মগ্ন গোটা বিশ্ব। ৪ বছরে একবার আসে এই সুযোগ। তাই কেউই এ সুযোগ হাতছাড়া করতে নারাজ। এবার আমেরিকা, কানাডা ও মেক্সিকো মিলে বিশ্বকাপের আয়োজন করেছে। যেখানে রেকর্ড তৈরি করে ৪৮টি দল খেলছে।
বিশ্বকাপে এই ৪৮টি দলের মধ্যে এমন ১টিমাত্র দল রয়েছে যারা তাদের খাবার নিজেদের দেশ থেকেই নিয়ে এসেছে। কম নয়, ১ হাজার কেজির ওপর খাবার সঙ্গে এনেছে তারা।
নরওয়ের ফুটবল দল সঙ্গে এনেছে এই বিপুল পরিমাণ খাবার। যা আসে খেলা শুরু হওয়ার আগেই। যে খাবার এসেছে তারমধ্যে প্রধানত রয়েছে ৩০০ কেজি সামুদ্রিক মাছ, ১১৬ কেজি ব্রাউন চিজ এবং ৬ হাজার কমলালেবু।

প্রসঙ্গত ব্রাউন চিজ নরওয়ের বহু পুরনো এক পছন্দের খাবার। তাছাড়া নরওয়েবাসী সামুদ্রিক মাছের খুব ভক্ত। তাই নানা প্রকারের সামুদ্রিক মাছ সঙ্গে এনেছে তারা। যাতে তারা প্রতিযোগিতা চলাকালীনও ঘরোয়া পরিচিত খাবার খেয়েই মাঠে নামতে পারে।
খাবার তৈরি করছেন নরওয়ে ফুটবল দলের হয়ে ৩৫ বছর ধরে রান্না করে চলা রাঁধুনি। প্রসঙ্গত মার্কিন মুলুকের খাবারের সঙ্গে নর্ডিক খাবারের খুব একটা মিল নেই। তাই হয়তো কোনও ঝুঁকি নিতে চায়নি নরওয়ে।
নরওয়ে এবার বিশ্বকাপ ফুটবলে অংশ নিল ২৮ বছর বাদে। শেষবার নরওয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল ১৯৯৮ সালে। তারপর থেকে বিশ্বকাপে খেলার দরজা তাদের জন্য খোলেনি। এবার খুলল।











