গাছ থেকে পড়া আম কুড়োলে সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা, একটি দেশে এটাই আইন
গাছ থেকে ঝড়ে আম পড়লে ভারতে সেটা কুড়োতে যাওয়ার একটা সংস্কৃতি আছে। সে অভ্যাস একটি দেশে জরিমানার মুখে ফেলে দিতে পারে।
আমগাছ থেকে ঝরে আম পড়লে আজও গ্রামে গঞ্জে ছোট থেকে বড় কাউকে আর ধরে রাখা যায়না। ছুটে গিয়ে গাছের তলায় ছড়িয়ে থাকা আম কে কটা সংগ্রহ করতে পারে তার প্রতিযোগিতা শুরু হয়ে যায়।
ভারতে আম কুড়োনো কেবল বিনামূল্যে আম পাওয়াই নয়, একটা অনাবিল আনন্দও বটে। কিন্তু যাঁরা এই আনন্দের সঙ্গে পরিচিত তাঁরা যদি সে আনন্দ সিঙ্গাপুরে গিয়েও সমানভাবে উপভোগ করার চেষ্টা করেন, রাস্তা, বাগান বা জঙ্গলে পড়ে থাকা আম কুড়োনোর চেষ্টা করেন বা হাতের নাগালে থাকা গাছে ঝুলে থাকা আম পাড়ার চেষ্টা করেন তাহলে তাঁদের এমন এক অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে যা এককথায় অবিশ্বাস্য।
সিঙ্গাপুরে ব্যক্তিগত সম্পত্তির আওতা ব্যতীত যদি সরকারি কোনও জায়গায় গাছের নিচে পড়ে থাকা আম বা গাছে ঝুলে থাকা পাকা বা কাঁচা আম কেউ পেড়ে ফেলেন তাহলে তাঁকে ভারতীয় মুদ্রায় সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানার মুখে পড়তে হবে। সে দেশে এমনই আইনের কড়াকড়ি।
এক ভারতীয় মহিলা সিঙ্গাপুরের এই আম কুড়োনো নিয়ে জরিমানার কথা সমাজ মাধ্যমের সাহায্যে সকলের নজরে আনার পর এ নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। বিশেষত ভারতীয়দের কাছে আম কুড়োনো এক অন্য আনন্দ।
সিঙ্গাপুরে যত ইচ্ছাই হোক, পড়ে থাকা আম কুড়োনোর ওপর জরিমানার কথা তাঁদের হতবাক করে দিয়েছে। সিঙ্গাপুর সরকার মনে করে সরকারি জায়গার ওপর আম গাছ থেকে ঝরে পড়লেও সেটা সরকারি সম্পত্তি। তাই কেউ তাতে বিনা অনুমতিতে হাত দিতে পারেননা।












