মাত্র ৪ বছর হল ভারতের মাটিতে পা, এরমধ্যেই হাফ সেঞ্চুরি হাঁকাল চিতা

ভারতে চিতা ছিলনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মাটিতে চিতার পাদচারণায় উৎসাহ দেন। শুরু হয় প্রোজেক্ট চিতা। যা ৪ বছর বয়স পূর্ণ করেছে।

কুনো জাতীয় উদ্যানে চিতা, ছবি – সৌজন্যে – এক্স – @CMMadhyaPradesh

২০২২ সালের আগে ভারতে চিতা ছিলনা। অনেকে চিতা বলে যাকে মনে করতেন তা আদপে চিতা নয়, লেপার্ড। একেবারে ভিন্ন প্রজাতি। ভারতে লেপার্ডের অভাব না থাকলেও চিতা একেবারেই শূন্য ছিল।

২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হয় প্রোজেক্ট চিতা। ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের জঙ্গলে ৮টি নামিবিয়ার চিতা ছেড়ে ভারতের মাটিতে চিতার পথচলা শুরু করেন।

এরমধ্যে শেষপর্যন্ত ৩টি বেঁচে যায়। তাদেরই ২২টি সন্তানসন্ততি কুনোতে তাদের দাপট বাড়াতে থাকে। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে যেমন ভারতে চিতার জন্ম হতে থাকে, তেমনই আফ্রিকা থেকেও চিতা আনা অব্যাহত থাকে।

এই প্রকল্প ১৭ সেপ্টেম্বর ২০২৬ সালে তার ৪ বছর পূর্ণ করল। মাত্র ৪ বছর হল ভারতের মাটিতে চিতার বসবাস শুরু হয়েছে। ইতিমধ্যেই তারা ৫২-তে এসে ঠেকেছে।

৪ বছরে শূন্য থেকে ৫২, ৪ বছরের মধ্যে হাফ সেঞ্চুরি। এটাকে বড় সাফল্য হিসাবেই দেখছেন পশু বিশেষজ্ঞেরা। অবশ্য এরমধ্যে ২০টি আফ্রিকার একাধিক দেশ থেকে এখানে আনা হয়েছে। বাকি ৩২টি ভারতেই জন্মেছে। এখানেই বড় হয়েছে বা হচ্ছে।

৫২টি চিতার মধ্যে ৪৯টি চিতাই রয়েছে কুনো জাতীয় উদ্যানে। কেবল ৩টি চিতা রয়েছে মধ্যপ্রদেশেরই গান্ধী সাগর অভয়ারণ্যে। এদিকে চিতা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

আগামী দিনে দেশের নানা প্রান্তের অভয়ারণ্যে চিতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা এখন বাস্তবায়িত হওয়ার অপেক্ষায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা