সাড়ে ৪ হাজার বছর আগে নয়, মহেঞ্জোদারো শহরটি আরও অনেক আগে তৈরি, বলছে গবেষণা
ইতিহাসের বইতে মহেঞ্জোদারো হরপ্পার কথা তো সকলেই পড়েছে। আনুমানিক ৪৫০০ বছর পুরনো এ সভ্যতা বলেই জানা। কিন্তু নতুন গবেষণা বলছে মহেঞ্জোদারো আরও অনেক বেশি পুরনো।
পৃথিবীর প্রাচীনতম যে কয়েকটি পরিকল্পনা করে তৈরি শহরের নাম পাওয়া যায় তার একটি মহেঞ্জোদারো। এমন এক শহর যেখানে অনেক কুয়ো ছিল। স্নানাগার ছিল। জলনিকাশি ব্যবস্থা ছিল। দেওয়াল ছিল। একটি শহরের কথা মাথায় রেখে তাকে পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। তাও আবার আজ থেকে ৪৫০০ বছর আগে।
এটাই এখনও পর্যন্ত জানা। মিশর ও মেসোপটেমিয়ার সঙ্গে সিন্ধু সভ্যতার সময়কে হিসাব করা হয়। আর মহেঞ্জোদারো ছিল সিন্ধু সভ্যতার অংশ। এই সাড়ে ৪ হাজার বছর পুরনো মহেঞ্জোদারো আদপে ছিল তার চেয়েও অনেক বেশি পুরনো শহর।
এখন প্রাচীনত্ব পরিমাপ করার জন্য কার্বন ডেটিং পদ্ধতির সাহায্য নেন বিশেষজ্ঞেরা। মহেঞ্জোদারো থেকে পাওয়া নানা নিদর্শনের কার্বন ডেটিং করে দেখার পর বিশেষজ্ঞেরা এখন মনে করছেন মহেঞ্জোদারো সাড়ে ৪ হাজার নয়, প্রায় ৮ হাজার বছর পুরনো এক নগর সভ্যতা।
ভিরানা নামে জায়গায় গবেষকেরা নানা পরীক্ষা চালান। তা থেকেই তাঁরা এখন মনে করছেন মহেঞ্জোদারোর বয়স ৮ হাজার বছর। আর এটা যদি সঠিক হয় তাহলে কিন্তু তা মিশরীয় সভ্যতারও অনেক আগে তৈরি হয়েছিল। আর সেই সময় এমন পরিকল্পনা করে তৈরি শহর অনেককেই অবাক করে দেবে।
সেক্ষেত্রে সিন্ধু সভ্যতার বয়সও পিছিয়ে গিয়ে প্রায় ৮ হাজার বছর হয়ে যাবে। তবে বিশেষজ্ঞেরা এই তথ্যে এখনই সিলমোহর দিচ্ছেন না। তাঁরা আরও নিশ্চিত হতে চাইছেন। তাই আরও নানা পরীক্ষাপর্ব চালিয়ে যাচ্ছেন তাঁরা।



