World

গাড়ি সঠিক গতিতে থাকলে সুরে বাজে এই রাস্তা, নাহলে বেসুরো

এ রাস্তা ধরে যদি কেউ সঠিক গতিতে যায় তাহলে নিজে থেকেই বাজতে শুরু করে একটি চেনা সুর। কিন্তু গাড়ির গতি এদিক ওদিক হলে তখন অন্য কাণ্ড হয়।

হাইওয়ে ধরে যেতে গেলে রাস্তার ধারে প্রায়ই নজরে পড়ে স্পিড লিমিটের অঙ্ক। অর্থাৎ সেখানে সর্বোচ্চ গতি কত ওঠানো যাবে তা জানিয়ে দেওয়া হয় গাড়ির চালকদের। সেইমত গাড়ি চালাতে হয়। নাহলে আধুনিক দুনিয়ায় ক্যামেরায় ধরা পড়বে অতিরিক্ত গতি। হবে জরিমানা।

কিন্তু এমন এক রাস্তা রয়েছে যেখানে চালক বুঝতে পারবেন তিনি সঠিক গতিতে আছেন কিনা বা স্পিড লিমিট মেনে গাড়ি চলছে কিনা। কীভাবে জানেন?

এ রাস্তা সুর বাজায়। স্পিড লিমিট দেখে কোনও মাইকে সুর বাজছে এমনটা কিন্তু নয়। এই সুর বাজে গাড়ির টায়ারের স্পর্শে। এই রাস্তার অংশ দিয়ে যেতে গেলে গাড়ির গতি থাকতে হবে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

এবার সঠিক স্পিডে থাকলে গাড়ির টায়ার নির্দিষ্ট সময়ে ওই রাস্তায় আঁকা দাগে পড়তে থাকে। আর টায়ারের সঙ্গে পিচের রাস্তার সঠিক সময়ে স্পর্শ হলে সুরটা নিজে থেকেই তৈরি হতে থাকে ও বাজতে থাকে। অনেকটা হারমোনিয়াম বা পিয়ানোর রিডে সঠিক সময়ে চাপ পড়ার মত।

কিন্তু যদি গতিতে গণ্ডগোল থাকে তখন এই সুর ভুল বাজতে থাকে। অর্থাৎ বোঝা যাবে সুরটা বাজছে, কিন্তু তাল নেই। সঠিক গতিতে না থাকলে টায়ার ও পিচ রাস্তার সঠিক সময়ে সঠিক জায়গায় চাপ তৈরি হবেনা। ফলে সুরও বেসুরো বাজবে।

এই অভিনব সুরেলা রাস্তা তৈরি হয়েছিল হাঙ্গেরিতে। উত্তর হাঙ্গেরির রোড ৩৭ হাইওয়ে ধরে যেতে গেলেই এই সুরেলা রাস্তার অংশের দেখা মেলে। সম্প্রতি এই সুরেলা পথের ছবি ছড়িয়ে পড়ে একটি সমাজ মাধ্যমে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *