মেরু ভাল্লুকের ঘুম ভাঙিয়ে ৫ লক্ষ টাকা গুনলেন এক ব্যক্তি
মেরু ভাল্লুকের ঘুম ভাঙিয়ে দিয়েছিলেন তিনি। তার খেসারত তাঁকে দিতে হল। ৫ লক্ষ টাকা জরিমানা গুনতে হল তাঁকে। যা একটি গুরুত্বপূর্ণ বার্তাও পৌঁছে দিল সকলের কাছে।
জাহাজটা এগিয়ে যাচ্ছিল। কিছুটা দূরে পুরু বরফের ওপর শুয়ে ঘুমচ্ছিল একটি মেরু ভাল্লুক। সাদা ধবধবে বিশাল চেহারার ভাল্লুকটি যে শান্তিতে ঘুমিয়ে আছে তা জাহাজ থেকে দেখা যাচ্ছিল।
সেই বিশাল ভাল্লুকটিকে আরও ভাল করে দেখতে আচমকা এক ব্যক্তি জাহাজের ফগহর্নটি বাজিয়ে দেন। এই হর্নের আওয়াজ রীতিমত শক্তিশালী। চড়া সেই শব্দ আচমকা চারধারের নিস্তব্ধতা ভেঙে বেজে ওঠায় লাফিয়ে জেগে যায় ভাল্লুকটি।
তার ঘুম ওই শব্দে ভেঙে যায়। চমকে জেগে উঠে আওয়াজটা কিসের তা বুঝতে না পেরে ভাল্লুকটি উঠে দাঁড়িয়ে আশপাশ দেখে দৌড় দেয়। সে যে ভয় পেয়ে ছুট লাগায় তা বুঝতে অসুবিধা হয়নি।
ঘটনাটি ঘটেছে নরওয়ের সভালবার্ড দ্বীপপুঞ্জের একটি দ্বীপ লমফিওরডেন-এ। এটি সুমেরু বৃত্তের মধ্যে থাকা একটি দ্বীপ। যেখানে অনেক মেরু ভাল্লুকের বাস।
তারই পাশ দিয়ে যাওয়ার সময় ভাল্লুকটিকে জাগাতে ওই জাহাজের হর্নটি বাজানোর ঘটনা পৌঁছয় সভালবার্ডের গভর্নরের কানে। তিনি বিষয়টি জানার পরই কড়া পদক্ষেপ করেন।
যিনি হর্ন বাজিয়ে ঘুমিয়ে থাকা মেরু ভাল্লুকটিকে জাগিয়েছিলেন তাঁকে মোটা অঙ্কের জরিমানা করেন। নরওয়ের মুদ্রায় জরিমানা করা হয়। যে জরিমানার অঙ্ক ভারতীয় মুদ্রায় ৫ লক্ষ টাকার সমান।
এই জরিমানার সঙ্গে একটি বার্তাও সকলের কাছে পৌঁছে গেল। এভাবে কোনও প্রাণির শান্তিভঙ্গ করলে তার পরিণাম কি হতে পারে তাও পরিস্কার হয়ে গেল সকলের কাছে।












