ফাইল : অসমের পবিতোরা অভয়ারণ্যে গণ্ডার, ছবি - আইএএনএস
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একশৃঙ্গ গণ্ডার দেখার জন্য সাধারণভাবে ভারতেই হাজির হন পর্যটকেরা। কিন্তু এখন সেই একশৃঙ্গ গণ্ডারের কতগুলি ভারতে রয়েছে তা পরিস্কার ছিলনা। এবার সেটা করে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে সমাজ মাধ্যমে তিনি জানান বিশ্বের প্রায় ৮০ শতাংশ একশৃঙ্গ গণ্ডার রয়েছে ভারতের রাজ্য অসমে। একটা রাজ্যই বিশ্বের একশৃঙ্গ গণ্ডারের ৮০ শতাংশকে যত্নে রেখেছে।
এই যত্নে রাখার প্রসঙ্গ সামনে আসছে কারণ অসমের মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে ২০২৫ সালে সে রাজ্যে একটাও গণ্ডারের চোরাশিকারের ঘটনা ঘটেনি। এটা অবশ্যই বড় সাফল্য।
বিশ্বজুড়ে একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা ২০২২ সালে ছিল ৪ হাজার ১৪টি। সেখানে ২০২৬ সালে তা পৌঁছে গেছে ৪ হাজার ৭৫টিতে। এরমধ্যে অসমেই রয়েছে ৩ হাজার ২৬০টি এমন একশৃঙ্গ গণ্ডার।
যার মধ্যে কেবল কাজিরাঙা জাতীয় উদ্যানেই রয়েছে ২ হাজার ৬০০টি এমন গণ্ডার। যেখানে তাদের যত্নের সঙ্গে সংরক্ষণ করা হয়। অর্থাৎ এটা বলাই যায় যে কাজিরাঙার জঙ্গলই বিশ্বের অর্ধেকের বেশি একশৃঙ্গ গণ্ডারের নিশ্চিন্ত আবাস হয়ে উঠেছে।
এছাড়া মানস জাতীয় উদ্যানেও গণ্ডারদের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। অন্যদিকে ২০২৫ সালে চোরাশিকার শূন্যতে নিয়ে যাওয়া অসমের গণ্ডারের চোরাশিকারের ইতিহাসে এই বছর এক গুরুত্বপূর্ণ বছর হয়ে উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা