Health

অপারেশনের পর সেলাই লাগবেনা, কাটা জুড়তে এল অভিনব আঠা

কোনও অপারেশনে তো কাটতেই হয়। আবার দুর্ঘটনায় অজান্তেই শরীরের অনেক অংশ কেটে যায়। সেসব জুড়তে আর সেলাই লাগবেনা। এসে গেল নতুন আঠা।

অপারেশন হলে সেই কাটা অংশ সেলাই করাই প্রথা। এখনও সেলাই একমাত্র উপায়। তবে তা আর থাকছে না। এবার দেশিয় বাজারে আসছে একধরনের আঠা। যা দিয়ে অপারেশনের কাটা অংশ জুড়ে দেওয়া যাবে। এমনকি যদি অপারেশনের পর সেলাই হয়ও তাহলেও এই আঠা ব্যবহার করে আরও দ্রুত কাটা জোড়া লাগানো যাবে।

ফলে অপারেশন হোক বা দুর্ঘটনা, কাটা জুড়তে সেলাই থাক বা না থাক, এই আঠা অতি দ্রুত জুড়ে দেওয়ার কাজ করে দেবে। এই আঠা জৈব সামঞ্জস্য বজায় রাখতে পারায় তা মিশে যাবে। শরীরের কোনও ক্ষতি করবেনা।

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর অধীন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি এই অভিনব আঠাটি তৈরি করেছে। যার পরীক্ষাও সম্পূর্ণ। এবার এটি বাজারে ছড়িয়ে পড়ার অপেক্ষা। এমনকি এর দামও কম হবে। ফলে তা অধিকাংশ মানুষের পক্ষে কেনা সম্ভব হবে।

সব ধরনের অপারেশনের ক্ষেত্রে না হলেও অধিকাংশ অপারেশনেই এই আঠা কার্যকরি ভূমিকা নিতে চলেছে। আগামী দিনে যে সেলাইয়ের দিন যেতে চলেছে তা এই নতুন দেশিয় ভাবনায় তৈরি আঠা থেকে পরিস্কার।

এটি যে মানুষের ক্ষেত্রে সম্পূর্ণ সুরক্ষিত তাও পরিস্কার করে দিয়েছেন বিশেষজ্ঞেরা। এই আঠা আপাতত ইএনটি, ভাস্কুলার, কসমেটিক, ডেন্টাল এবং পেরিওডোন্টাল সার্জারির ক্ষেত্রে সবচেয়ে ভাল ব্যবহার করা যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App