SciTech

আয়ু ৪০০ বছর, সকলের চেনা এ প্রাণির প্রজাতি ১৫০ বছর বয়সে মিলনে সক্ষম হত

এমন এক প্রাণি যা সকলের চেনা। তাদেরই একটি প্রজাতি যে ৪০০ বছর বাঁচত তা অবাক করেছে বিজ্ঞানীদেরও। ১৫০ বছর বয়স হলে মিলনে সক্ষম হত এরা।

এদের চেনে না এমন কেউ নেই। তাদেরই একটি প্রজাতি হল গ্রিনল্যান্ড শার্ক। হাঙরদের কথা সকলের জানা। অনেকের এটাও ধারনা যে তিমিই সবচেয়ে বেশিদিন বাঁচে।

কিন্তু পৃথিবীতে যত মেরুদণ্ডী প্রাণি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশিদিন বাঁচে তিমি নয়, গ্রিনল্যান্ড হাঙর। গবেষকেরা রেডিওকার্বন প্রযুক্তি ব্যবহার করে এই গ্রিনল্যান্ড হাঙরের একটি স্ত্রী হাঙরের কথা জানতে পেরেছেন যা ৪০০ বছর বেঁচেছিল।

এই হাঙরগুলি প্রতিবছর ১ সেন্টিমিটার করে বড় হয়। ফলে তাদের একটু বড় চেহারা হতেই শত বছর কেটে যায়। এরা ঠান্ডা জলে থাকতে পছন্দ করে। সাঁতার কাটে খুব ধীরেসুস্থে। আর সমুদ্রের একটু গভীরে থাকা পছন্দ করে।

এরা এমন হাঙর যারা অত্যন্ত মন্থর। অতি ধীর এই হাঙরদের যখন ১৫০ বছর বয়স হয় তার পরই তারা প্রজননে সক্ষম হয়। এর আগে ধারনা করা হত বোহেড তিমিই হল বিশ্বের সবচেয়ে বেশিদিন বাঁচা মেরুদণ্ডী প্রাণি। ২১১ বছর বেঁচে থাকা বোহেড তিমির দেখা পাওয়া গিয়েছিল। কিন্তু গ্রিনল্যান্ড শার্ক সে রেকর্ড মুছে নতুন রেকর্ড গড়েছে।

তবে যদি মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী মিলিয়ে পৃথিবীর সব প্রাণির মধ্যে সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা প্রাণিকে নিয়ে আলোচনা করতে হয়, তাহলে সে প্রাণি গ্রিনল্যান্ড হাঙর নয়। সে হল একধরনের ঝিনুক। যারা ৫০০ বছরের বেশি বাঁচত বলে জানতে পেরেছেন গবেষকেরা।

Show Full Article