National

বর্ষা শেষের মুখে, এখনও দেশে বৃষ্টি ঘাটতি ১৫ শতাংশ, পশ্চিমবঙ্গের ছবিটা কেমন

বর্ষা বিদায়ের পালা শুরু হয়েছে। একদম শেষে এসে দাঁড়িয়েছে বর্ষা। এখনও দেশে বর্ষা ঘাটতির পরিমাণ ১৫ শতাংশ। কোথায় কম হল বৃষ্টি। বাংলার ছবিটা কেমন।

বাংলা ক্যালেন্ডারে বর্ষা আষাঢ় ও শ্রাবণ মাস। বাস্তবে এদেশে বর্ষা কিন্তু ৪ মাসের। জুন, জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর, এই ৪ মাস বর্ষাকাল। সেই সেপ্টেম্বরের শেষে এসে পৌঁছেছে ক্যালেন্ডার। আর নিয়ম মেনে বর্ষা বিদায় শুরুও হয়ে গেছে।

পশ্চিম ভারত থেকে বর্ষা পাততাড়ি গোটাতে শুরু করেছে। পুরো দেশ থেকে বর্ষা বিদায় নিতে নিতে অবশ্য অক্টোবরের প্রায় মধ্যভাগে পৌঁছে যাবে। তার আগে খুব একটা সময় হাতে নেই বর্ষার।

কিন্তু দেশে বর্ষা ঘাটতি এখনও ১৫ শতাংশ। সেই ঘাটতির কিছুটা কি পূরণ করতে পারবে বর্ষা? স্লগ ওভারে কেমন ব্যাটিং করে তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

উত্তর ভারতের রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা থেকে দক্ষিণের কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক থেকে বিহার, অরুণাচল প্রদেশ, অসম, মণিপুরের মত রাজ্যগুলিতে এবার স্বাভাবিকের চেয়ে কম বর্ষা হয়েছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গ স্বাভাবিক বর্ষা পেয়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি পেয়েছে লাদাখ। পশ্চিমবঙ্গ সহ দেশের বাকি রাজ্যে বৃষ্টিপাত এখনও স্বাভাবিক।

এল নিনো নিয়ে একটা আশঙ্কার মেঘ তাড়া করছিল বর্ষা শুরুর আগে থেকে। কিন্তু ভারতের অনেক রাজ্যেই তার প্রভাব পড়েনি। তবে যেসব রাজ্যে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে সেখানে এতটাই কম বৃষ্টি হয়েছে যে সার্বিকভাবে দেশের বৃষ্টিপাতের মোট পরিমাণে ঘাটতি নজর কাড়ছে। যা এখনও পর্যন্ত ১৫ শতাংশ।

News Desk