পৃথিবীর শুষ্কতম মরুভূমিতে বরফের চাদর, ঝেঁপে বৃষ্টি
এক বিন্দু জল আকাশ থেকে পড়লেও যেখানে সেটা খবরে পরিণত হয়, সেখানে কিনা ঝেঁপে বৃষ্টি হল ৩ দিন ধরে। বরফেও ঢাকল চারপাশ।
যে জায়গায় বছরের পর বছর আকাশের দিকে তাকিয়েও বৃষ্টির দেখা মেলে না, তেমনই এক মরুভূমিতে বরফের এক অবিশ্বাস্য চাদর গোটা বিশ্বের মানুষের নজর কেড়ে নিল। এমনটা যে আতাকামা মরুভূমিতে কেউ কখনও দেখতে পাবেন তা কল্পনাও করতে পারা যায়নি।
পৃথিবীতে যত মরুভূমি রয়েছে তারমধ্যে সবচেয়ে শুকনো মরুভূমি বলা হয় আতাকামাকে। চিলির বিখ্যাত এই মরুভূমি আকারে সাহারার চেয়ে ছোট। কিন্তু শুষ্কতায় সাহারাকেও হার মানায়। এখানে বৃষ্টির একটা বিন্দুও আকাশ থেকে পড়লে তা খবর হয়ে যায়।
সেই আতাকামা মরুভূমিতে গত অগাস্ট মাসে একটি শীত ঝড় বয়ে যায়। যার পরই কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া চিত্র দেখিয়ে দেয় আতাকামার একটা অংশ বরফের চাদরে ঢাকা পড়ে গেছে।
আন্দিজ পর্বতমালা থেকে প্রশান্ত মহাসাগরীয় উপকূল পর্যন্ত এই বরফের চাদর ছড়িয়ে আছে। শুধু কি বরফ! বরফের সঙ্গে আরও একটি বিষয় বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। তা হল বৃষ্টি।
আতাকামা মরুভূমির মধ্যেই রয়েছে তালতাল নামে শহর। এই শহরে ৩ দিন ধরে ঝেঁপে বৃষ্টি হয়েছে। যে বৃষ্টির মোট পরিমাণ রেকর্ড হয়েছে ৪০ মিলিমিটার।
এই তালতাল শহরে প্রতিবছর যে বৃষ্টি হয় তার পরিমাণ খুব বেশি হলে সব মিলিয়ে ৪ মিলিমিটারের মত। তার ১০ গুণ বৃষ্টি এই শহরে মাত্র ৩ দিনে হয়েছে। যা বহু বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।
বিশ্বের যে মরুভূমিকে সবচেয়ে শুকনো বলে ধরা হয় সেখানে বরফের চাদর, ঝেঁপে বৃষ্টি কোন আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত তা নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু করেছেন বিশেষজ্ঞেরা।











