তরমুজের মত বরফ ছড়িয়ে থাকে এখানে, ওপর দিয়ে হাঁটলে জুতো গোলাপি হয়ে যায়

বরফ তো সর্বত্র সাদাই হয়। কিন্তু পৃথিবীতে এমনও কিছু জায়গা রয়েছে যেখানে বরফের রং তরমুজের মত। পর্যটকেরা ছুটে যান এই গোলাপি লাল বরফের টানে।

ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাডায় তরমুজের মত বরফ, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস

সাদা তুলোর মত বরফ তুষারপাত হলে জমে যায় পাহাড়ের গায়ে, উপত্যকায়, পাহাড়ি এলাকায়। সে কাশ্মীর হোক বা মেরু অঞ্চল, ইউরোপ হোক বা আমেরিকা, সর্বত্র বরফ সাদাই হয়। তবে কিছু জায়গা আছে যেখানে বরফের রং তরমুজের মত লাল বা গোলাপি।

সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উচ্চতায় এমন বরফের দেখা পাওয়া যায়। যে বরফ সহজে গলে না। জমাট বেঁধে থাকে। সেই বরফ অনেক জায়গায় লাল বা গোলাপি রংয়ের হয়। যাকে অনেকে পিঙ্ক স্নো বলেও ব্যাখ্যা করেন।

আবার অনেকে ওয়াটারমেলন স্নো বা তরমুজ বরফ বলেও ডাকেন। এই বরফের ওপর দিয়ে হেঁটে গেলে জুতোটা লালচে গোলাপি হয়ে যায়। হালকা রংয়ের পোশাক থাকলে পোশাকের পায়ের দিকের অংশ গোলাপি হয়ে যায়।

কেন হয় এমন আশ্চর্য কাণ্ড? অ্যালপাইন ও মেরু উপকূলীয় অঞ্চলে একটা উচ্চতায় প্রবল ঠান্ডা প্রিয় একধরনের সবুজ শৈবাল বরফের মধ্যে সংসার পাতে। যাদের শরীর থেকে একধরনের রস নির্গত হয় যা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে তাদের রক্ষা করে।

এই রস লালচে হয়। যা বরফের মধ্যে মিশে এমন লালচে বা গোলাপি রং তৈরি করে। ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাডার ১০ থেকে ১২ হাজার ফুট উচ্চতায় এমন গোলাপি বা তরমুজ বরফ দেখতে পাওয়া যায় প্রায় সারাবছর। যা অনেকসময় পর্যটকদের আকর্ষিত করে।