প্লুটোকে গ্রহ করে দাও, নাসাকে চিঠি দিয়ে আবদার ১০ বছরের বালিকার, উত্তর দিল নাসা

সৌরমণ্ডলের প্রায় শেষ প্রান্তে পাওয়া প্লুটোকে গ্রহ করে দেওয়ার জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে আবেদন জানাল এক ১০ বছরের বালিকা।

প্লুটো ও তাকে গ্রহ করে দেওয়ার আবেদন, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @NASA Goddard Space Flight Center ও এক্স – @tropicalupdate

একটা সময় ছিল যখন বইয়ের পাতায় ৯ বলতে নবগ্রহের উল্লেখ করা হত। তা পরে বদলে যায়। সৌরমণ্ডলে প্লুটোর কাছ থেকে তার গ্রহ তকমা কেড়ে নেওয়া হয়। তাকে করে দেওয়া হয় ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ। একটি পূর্ণ গ্রহের মর্যাদা যায় প্লুটোর।

সূর্যের সংসারে গ্রহের সংখ্যা ৯ থেকে নেমে যায় ৮-এ। এখন ৮টিই গ্রহ রয়েছে সৌরমণ্ডলে। এবার কি তা পাল্টাবে? হঠাৎ করে এই প্রশ্ন ওঠার পিছনে রয়েছে এক ১০ বছরের বালিকার হাতে লেখা একটি চিঠি। যে চিঠি সে লিখেছে নাসাকে।

সেখানে তার আবদার প্লুটোকে তার পুরনো মর্যাদা ফিরিয়ে দিক নাসা। প্লুটোকে আবার গ্রহ করে দিক। তবে নিছক আবদারে সীমাবদ্ধ থাকেনি তার চিঠি। কেন প্লুটোকে গ্রহের মর্যাদা ফিরিয়ে দেওয়া উচিত তার স্বপক্ষে যুক্তিও দিয়েছে কায়েলা নামে ওই বালিকা।

প্লুটোকে ফের গ্রহের মর্যাদা ফিরিয়ে দিলে সে যে খুব খুশি হবে তাও জানিয়েছে কায়েলা। শুধু সে নয় তার আশপাশের বন্ধুরাও খুশি হবে। এই ছোট্ট মেয়ের চিঠি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় এই চিঠি পড়েও ফেলেছেন।

বিষয়টি যে নাসার নজর এড়িয়েছে এমনও নয়। একটি ছোট্ট মেয়ে কি বলল তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এমন অবজ্ঞা কিন্তু নাসা দেখায়নি। বরং ওই চিঠির উত্তরে নাসা জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে।