গরমের জন্য রাজধানীতে জারি হলুদ সতর্কতা, বাংলার ৩ জেলায় কমলা সতর্কতা

পারদ ছুঁতে চলেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। জ্বলছে চারধার। এই পরিস্থিতিতে গরম বাড়া নিয়ে রাজধানীতে হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।

তীব্র দাবদাহে তৃষ্ণা নিবারণ, ছবি - আইএএনএস

পারদ চড়ছে। ভারত জুড়েই পারদ চড়ছে। অনেক জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কয়েকটি জায়গায় তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। বাদ যাচ্ছেনা পশ্চিমবঙ্গও। এখানেও সূর্য আগুন ঢালছে। অসহ্য গরমের সঙ্গে প্রবল ঘাম, সব মিলিয়ে বেলা বাড়লে রাস্তায় টেকা মুশকিল হচ্ছে। ছাতা দিয়ে মাথা ঢাকলেও গরম থেকে রেহাই নেই।

এদিকে বাংলায় যখন পারদ চড়ছে। পশ্চিমের জেলাগুলি আরও ভয়ংকর গরমে জ্বলছে, তখন দেশের রাজধানী পুড়ছে। দিল্লির গরম সম্বন্ধে কাউকে নতুন করে বলার প্রয়োজন পড়েনা। সকলের কাছেই এটা পরিস্কার।

রাজধানীর পারদ তরতর করে বাড়ছে। ৪৪ ডিগ্রি এখন কার্যত সহ্য করতে হবে রাজধানীর মানুষকে। এটা পরিস্কার করে দিয়েছে আবহাওয়া দফতর।

গরমের দহন জ্বালা এমন পর্যায়ে পৌঁছতে চলেছে সেখানে যে আবহাওয়া দফতর হলুদ সতর্কতাও জারি করেছে। তাপপ্রবাহের সতর্কতাও জারি করে দিয়েছে।

বাংলাতেও অসহ্য গরমের পরিস্থিতি থেকে মুক্তির যেমন একটা আশার আলো দেখা গেছে আগামী শনিবার থেকে, তেমনই আবহাওয়া দফতর বৃহস্পতিবারের জন্য ৩ জেলায় কমলা সতর্কতা জারি করেছে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই ৩ জেলার জন্য বৃহস্পতিবার তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।

এই ৩ জেলায় আবার বৃহস্পতিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও শুক্রবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাংলা জুড়েই শনিবার থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনি ও রবিবার দার্জিলিং ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা