পাহাড়ের কোলে শুয়ে বসে মেঘ দেখে সাড়ে ৮ লক্ষ টাকা পেলেন এক তরুণ

মানুষ ছুটিতে পাহাড়ে বেড়াতে যান। মেঘ দেখেন। তাতে খরচও কম হয়না। কিন্তু ১ মাস ধরে কেবল মেঘ দেখে সাড়ে ৮ লক্ষ টাকা পেলেন এক তরুণ।

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে প্রকৃতি, প্রতীকী ছবি

একটানা কাজ করতে করতে হাঁপিয়ে ওঠা মন ছুটি চায়। মানুষ তখন ছুটি কাটাতে বেরিয়ে পড়েন পছন্দের জায়গায়। যাঁরা পাহাড় ভালবাসেন তাঁরা পাহাড়ি জায়গায় পৌঁছে যান। পাহাড়ের ওপর মেঘের আনাগোনা দেখার সুযোগ তাঁদের মন ভাল করে দেয়। তবে তার জন্য তাঁদের যথেষ্ট খরচও হয়।

এমন বেড়ানোর খরচ কম নয়। কিন্তু এক তরুণ ১ মাস ধরে পাহাড়ের কোলে কাটালেন। মেঘের আনাগোনা দেখলেন। একটা মাস শুয়ে বসে মেঘ দেখে কাটিয়ে দিলেন।

আর সেটা করেছেন বলে পেলেন সাড়ে ৮ লক্ষ টাকা। কারণ ওটা একটা কাজ ছিল। যে কাজের জন্য তাঁকে বেছে নেওয়া হয়েছিল। তাঁর কাজটাই ছিল মেঘ দেখা।

ক্লাউড অবজারভার বা মেঘ পরিদর্শকের এমন সুখের ও স্বপ্নের কাজ পেয়ে ১ মাস পাহাড়ে মেঘের সঙ্গে কাটানো ওই তরুণের এই কাজ এবং মোটা অর্থ রোজগার বিশ্বজুড়ে একটা খবরে পরিণত হয়েছে।

ওই বছর ২৩-এর তরুণকে এই কাজটা দিয়েছিল ওই পর্যটনক্ষেত্র কর্তৃপক্ষ। যেখানে তাঁকে পাহাড়ের মাথায় ১ মাস কাটাতে হয়েছে। মেঘের আনাগোনার ভিডিও করতে হয়েছে।

প্রাত্যহিক নিয়ম করে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাওয়া মেঘের খেলার ছবি তুলতে হয়েছে। এই কাজের জন্যই তিনি ভারতীয় মুদ্রায় সাড়ে ৮ লক্ষ টাকা পেয়েছেন।

চিনের হেনান প্রদেশের লাওজুন পাহাড়ের অপরূপ প্রকৃতির মাঝে ১টা মাস কাটিয়ে ওই তরুণ কেবল মেঘ দেখেছেন। এই পাহাড়টির প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে এখানে সারাবছর পর্যটকের আনাগোনা লেগে থাকে।

এর বৈশিষ্ট্য হল পাহাড়ের চারধার মেঘ ও কুয়াশায় মোড়া থাকে। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমেই এই খবর জায়গা করে নিয়েছে।