একটি বইয়ের পাতায় ছাপা ফুলস্টপ যতটা ছোট, তার থেকেও ক্ষুদ্র কিছু ধূলিকণার ভিতরে লুকিয়ে রয়েছে সূর্যের জন্মের আগের ইতিহাস। একটি উল্কাপিণ্ডের ভিতরে পাওয়া এমন কিছু আণুবীক্ষণিক কণার বয়স প্রায় ৭০০ কোটি বছর বলে নির্ধারণ করেন গবেষকেরা।
এই কণাগুলি মূলত সিলিকন কার্বাইড দিয়ে তৈরি এবং বিজ্ঞানীরা এগুলিকে বলেন প্রাক-সৌর কণা। নাম থেকেই বোঝা যায়, সৌরজগৎ তৈরির আগেই এদের জন্ম হয়েছিল। সূর্যের বয়স প্রায় ৪৬০ কোটি বছর। ফলে সবচেয়ে পুরনো কণাগুলি সূর্যের থেকেও প্রায় ২৫০ কোটি বছর বেশি প্রাচীন।
বিজ্ঞানীদের ধারনা, বহু আগে অন্য কোনও নক্ষত্র জীবনের শেষ পর্যায়ে পৌঁছলে তার চারপাশে এই ক্ষুদ্র খনিজ কণা তৈরি হয়েছিল। পরে নক্ষত্র থেকে ছড়িয়ে পড়া পদার্থের সঙ্গে সেগুলি নক্ষত্রমণ্ডলীয় মহাশূন্যে চলে যায় এবং কোটি কোটি বছর মহাকাশে ভেসে বেড়ায়। পরবর্তী সময়ে যে গ্যাস ও ধুলোর মেঘ থেকে সূর্য ও সৌরজগৎ তৈরি হয়, তার মধ্যেও এই পুরনো নক্ষত্রকণার কিছু অংশ মিশে যায়।
কণাগুলির বয়স নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মহাজাগতিক রশ্মি। মহাকাশে দীর্ঘদিন মহাজাগতিক রশ্মির সংস্পর্শে থাকার ফলে কণার ভিতরে নির্দিষ্ট আইসোটোপ বা সমস্থানিক তৈরি হয়। সেই রাসায়নিক চিহ্ন বিশ্লেষণ করেই গবেষকেরা অনুমান করেন, কিছু কণা ৫০০ থেকে ৭০০ কোটি বছরের পুরনো।
সবচেয়ে বিস্ময়কর বিষয়, এই কণা এতই ছোট যে অনেকগুলি মিলেও একটি ছাপানো ফুলস্টপের জায়গার মধ্যে ধরে যেতে পারে। অথচ সেই ক্ষুদ্র কণাই বিজ্ঞানীদের হাতে তুলে দিয়েছে সূর্যের আগের প্রজন্মের নক্ষত্রের বাস্তব নমুনা।