অযোধ্যায় জমিতে কি গড়ে তুলতে চান, অন্য পরিকল্পনা অমিতাভ বচ্চনের

অযোধ্যায় একটি জমি রয়েছে বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের। সেই জমিতে তিনি এবার নির্মাণ পরিকল্পনা করছেন। কি বানাতে চান তা সামনে এল।

অমিতাভ বচ্চন, ছবি – সৌজন্যে – এক্স – @SrBachchan

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর সেখানে মানুষের যাতায়াত আরও অনেক বেড়েছে। শুধু দেশের নয়, বিদেশ থেকেও বহু পর্যটক হাজির হচ্ছেন। সেই অযোধ্যায় অমিতাভ বচ্চনের একটি জমি রয়েছে। দশরথ পথ-এর ওপর সেই জমিতে এবার নির্মাণের পরিকল্পনা করেছেন তিনি।

কি তৈরি করবেন সেখানে? সেটাও সামনে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অযোধ্যার জমিতে একটি ধর্মশালা তৈরি করতে চান অমিতাভ বচ্চন। যে ধর্মশালায় ২০টি ঘর থাকবে। এই ধর্মশালা তৈরি সরযূ প্রকল্পের অংশ হতে চলেছে।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই ধর্মশালা তৈরির খসরা প্ল্যান জমা পড়েছে অযোধ্যা পুরসভার কাছে। এই ধর্মশালাটি অমিতাভ বচ্চন তাঁর বাবার স্মৃতিতে তৈরি করতে চান। তাই ধর্মশালার নামও হবে অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চনের নামে।

এই ধর্মশালা তৈরি হলে অযোধ্যায় হাজির হওয়া ভক্তদের সুবিধা অনেকটা বাড়বে। তাঁরা এখানে থাকার সুবিধা পাবেন। এই ধর্মশালা তৈরির কাজ অক্টোবরের পর যাবতীয় ছাড়পত্র পেয়ে গেলেই শুরু হতে পারে।

প্রসঙ্গত অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর দেশের অনেক ক্ষেত্রের স্বনামধন্য ও ধনী মানুষজন অযোধ্যাকে সাজিয়ে তোলার অংশ হচ্ছেন। অনেকেই এখানে জমিও কিনেছেন।

সেখানে তাঁরা তাঁদের নির্মাণ করছেন। সেটা হোটেল হতে পারে, ধর্মশালা হতে পারে, দোকান হতে পারে বা এমন অনেক কিছু। এতে অযোধ্যা ও তার আশপাশের এলাকা ক্রমশ সমৃদ্ধ হচ্ছে। চারধার বিশ্বমানের হয়ে উঠছে।