বোমা ঘূর্ণিঝড়ে তছনছ বিশাল এলাকা, ৫ লক্ষ মানুষ বিদ্যুৎহীন

এমন বোমা ঘূর্ণিঝড় বিরল। সেই ঘূর্ণিঝড় যে কতটা ভয়ংকর রূপ নিতে পারে তা দেখা গেল এবার। ৫ লক্ষ বাড়িতে বিদ্যুৎ নেই। একাধিক শহরের বাসিন্দা গৃহবন্দি।

মার্কিন যুক্তরাষ্ট্ৰে বোমা ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত জনজীবন, ছবি – সৌজন্যে – ফেসবুক – @7NewsDC

ঝড় এক জিনিস। ঘূর্ণিঝড়ও অনেকেই দেখেছেন। কিন্তু ঝড়ের সঙ্গে বরফের প্রবল গতিতে ছুটে আসা। ৯০ সেন্টিমিটার তুষারপাত একটা দিনের মধ্যে। এমন ঘটনা বিরলতম। তাই এই পরিস্থিতিকে আবহবিদেরা বলছেন বোমা সাইক্লোন। যা এসেছে বম্বোজেনেসিস নামে একটি আবহাওয়ার পরিস্থিতির ভিত্তিতে।

এই বোমা সাইক্লোনের জেরে রাস্তায় পাহাড় প্রমাণ বরফ জমেছে। অনেক গাড়ি হারিয়ে গেছে বরফের তলায়। রাস্তায় কেবল আপৎকালীন পরিষেবা ছাড়া অন্য কোনও গাড়ি বার করতে মানা করা হয়েছে প্রশাসনের তরফে। শহরগুলির অধিকাংশ মানুষ গৃহবন্দি। বাইরে বার হওয়ার উপায় নেই। সাহসও পাচ্ছেন না অনেকে।

আমেরিকার উত্তর পূর্ব ভাগে এই বম্ব সাইক্লোনের হানা কার্যত স্তব্ধ করে দিয়েছে পেনসিলভানিয়া থেকে ম্যাসাচুসেটসের মত ব্যস্ত শহরগুলিকে। বেহাল অবস্থা নিউ জার্সি-র মত শহরেরও।

বিভিন্ন শহর মিলিয়ে ৫ লক্ষ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। আমেরিকার সংবাদমাধ্যম এমন পরিস্থিতিকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছে। ১৩৪ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বয়ে এনেছে প্রচুর বরফ। ঝড়ের সঙ্গে বরফ উড়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে।

৬০০ কিলোমিটার এলাকা জুড়ে কার্যত তাণ্ডবলীলা চালায় এই ঝড়। ইতিমধ্যেই সেখানে স্টেট এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি এতটাই প্রতিকূল যে প্রশাসনের তরফে অনেক চেষ্টা করেও পরিস্থিতি দ্রুত বদল করা সম্ভব নয়। রোড আইল্যান্ডে ইতিমধ্যেই ২ জন মানুষের জীবন কেড়ে নিয়েছে এই বিরলতম তুষারঝড়।