সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুকুটে নতুন পালক, দেশের মাত্র ১১ জন ক্রিকেটারের নাম রয়েছে এই তালিকায়
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুকুটে এক নতুন পালক যুক্ত হল। এমন এক সম্মান তিনি আইসিসি-র কাছ থেকে পেলেন যে সম্মান এর আগে মাত্র ১১ জন ভারতীয় ক্রিকেটারের ঝুলিতে রয়েছে।
এডিনবারায় আইসিসি-র বার্ষিক সম্মেলনে একটি ঘোষণা বাঙালিকে ফের গর্বিত করল। কারণ এ সম্মান ঘোষণা হয়েছে বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য। ভারতীয় ক্রিকেটে সৌরভের অবদান নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাঁর নেতৃত্বে ভারতীয় দল এক অন্যই উচ্চতা ছুঁয়েছিল।
সেই সৌরভ গঙ্গোপাধ্যায় এবার সম্মানিত হলেন আইসিসি-র অত্যন্ত সম্মানজনক হল অফ ফেম-এ। এই সম্মান সব ক্রিকেটারের কপালে জোটে না। এখনও পর্যন্ত বহু ভারতীয় ক্রিকেটার তাঁদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ক্রিকেট মাঠে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগে মাত্র ১১ জন ভারতীয় ক্রিকেটার আইসিসি হল অফ ফেম-এ ভূষিত হয়েছেন।
এঁদের মধ্যে ২ জন মহিলা ক্রিকেটার রয়েছেন। আইসিসি হল অফ ফেম-এ স্থান পাওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন শচীন তেন্ডুলকর, হরভজন সিং, যুবরাজ সিং এবং আরও অনেকে।
আইসিসি হল অফ ফেম-এ এর আগে ভারতের যে ১১ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন তাঁরা হলেন বিষেণ সিং বেদী, ভিনু মানকড়, সুনীল গাভাস্কার, কপিল দেব, অনিল কুম্বলে, শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহওয়াগ এবং মহেন্দ্র সিং ধোনি।
২ মহিলা ক্রিকেটার পেয়েছেন এই সম্মান। এঁরা হলেন ডায়ানা এডুজি এবং নীতু দ্রাবিড়। ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেটার মিলিয়ে ১১ জন আইসিসি হল অফ ফেম-এর তালিকায় এতদিন ছিলেন। এবার সেই তালিকায় দ্বাদশ সংযোজন হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













