টিভিতে লাইভ করার সময় রিপোর্টারের পিছনে দেখা দিল মূর্তিমান

টিভিতে লাইভ কেমন হয় তা তো এখন প্রায় সকলের জানা। এমনই এক লাইভ করছিলেন একজন রিপোর্টার। তখনই তাঁর অজান্তেই তাঁর পিছনে দেখা দেয় এক মূর্তিমান।

ভাল্লুক, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস

একটি এলাকায় ভাল্লুকের উপদ্রব বেড়েছে। এটা জানাজানি হতেই সেখানে হাজির হন রিপোর্টাররা। একটি টিভি সংবাদের তরফে ওই এলাকায় পৌঁছে রাস্তার ওপর থেকেই লাইভ করা চলছিল। এক মহিলা রিপোর্টার লাইভ করছিলেন। বিষয়টি ছিল ওই এলাকায় ভাল্লুকের উপদ্রব বৃদ্ধি।

তিনি ক্যামেরার দিকে তাকিয়ে লাইভ চালিয়ে যাচ্ছিলেন। এমন সময় তাঁর ঠিক পিছনেই দেখা যায় বিশাল চেহারার বাদামি রংয়ের ভাল্লুকটিকে।

যে ভাল্লুকের হানা নিয়ে তাঁর সংবাদ পরিবেশন, সেই ভাল্লুকটিই যে লাইভে তাঁর পিছনে এসে দাঁড়িয়েছে তা জানতেও পারেননি ওই রিপোর্টার। কিন্তু ক্যামেরাম্যান থেকে স্টুডিওয় থাকা সঞ্চালিকা, সকলেই সেই ভাল্লুকটিকে দেখতে পান। দ্রুত সতর্ক করা হয় রিপোর্টারকে।

এরমধ্যেই ভাল্লুকটি রিপোর্টারের পিছনে কিছুটা সময় কাটিয়ে তারপর রাস্তার ধার ধরে আরও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এবার বিষয়টি জানতে পারলেও লাইভ থেকে সরে আসেননি ওই রিপোর্টার।

তখন তাঁর থেকে ভাল্লুকটি দূরে যাচ্ছে দেখে ক্যামেরাম্যানও ভাল্লুকটির এগিয়ে যাওয়া ক্যামেরাবন্দি করতে থাকেন। একসময় উল্টোদিক থেকে একটি গাড়িকে আসতে দেখে ভাল্লুকটি পাশের সবুজ বাগান ও জঙ্গলের মাঝে ঢুকে পড়ে।

তবে এলাকা ছেড়ে যে সে চলে যায় এমনটা নয়। ওই ভাল্লুকটিই এই এলাকায় এক মহিলা তাঁর পোষ্যকে নিয়ে যাওয়ার সময় পোষ্যটির ওপর ঝাঁপিয়ে পড়েছিল। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার মনরোভিয়ার একটি এলাকায়।