সৌরভের সঙ্গে ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ সম্মান পেলেন আরও এক ভারতীয় ক্রিকেটার
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামটা আগেই জানা গিয়েছিল। এবার আইসিসি-র প্রদান করা ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হলেন আরও এক ভারতীয় ক্রিকেটার।
ভারতীয় ক্রিকেট ইতিহাস নেহাত কম দিনের নয়। বহু বিখ্যাত ক্রিকেটার বিভিন্ন সময় ভারতীয় দলকে সমৃদ্ধ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেরে নাম চিরদিনের করে দিয়েছেন। তবে আইসিসি-র প্রদান করা একজন ক্রিকেটারের জীবনে শ্রেষ্ঠ সম্মান হল অফ ফেম।
সেই তালিকায় জায়গা করে নিতে পেরেছেন হাতেগোনা সামান্য কয়েকজন ক্রিকেটার। ১১ জন আগে পেয়েছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম এবার ঘোষণা হওয়ার পর তিনি সেই দ্বাদশ ক্রিকেটার হন যিনি আইসিসি হল অফ ফেমে জায়গা পেলেন।
কিন্তু সেখানেই ভারতের এই সম্মান পাওয়া শেষ হয়নি। সৌরভের সঙ্গে এবার সেই একই সম্মান পেলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়া।
ভারতের হয়ে প্রথম ১০০টি একদিনের ম্যাচ খেলার ইতিহাস গড়া অঞ্জুম ২০০৫ সালে মহিলা বিশ্বকাপ ফাইনালে ভারতের অধিনায়কত্ব করেছিলেন। তিনিই ছিলেন প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি একদিনের ক্রিকেটে ১ হাজার রানের গণ্ডি পার করেছিলেন।
ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ভালবাসা। সেই সময় থেকেই ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখতেন অঞ্জুম। সেই স্বপ্ন সফলও হয়। অবশেষে তিনি জায়গা পেলেন আইসিসি-র হল অফ ফেমে।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ সৌরভ ও অঞ্জুমের পাশাপাশি আরও এক ক্রিকেটারের নাম এ বছর হল অফ ফেমের জন্য ঘোষণা করেছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনও এই সম্মান অর্জন করলেন। এই ৩ জনই কোনও না কোনও সময় দেশের ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











