পশ্চিমবঙ্গের মত বৃষ্টি হচ্ছে অন্য রাজ্যেও। হতে পারে ভারতের সব রাজ্য ভাল বৃষ্টি পাচ্ছেনা। তবে যেসব রাজ্যে হচ্ছে সেখানে তার দাপট বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে।
উত্তরপ্রদেশের বিখ্যাত প্রাচীন শহর বারাণসীর সারিবদ্ধ গঙ্গার ঘাটগুলির অন্যতম নাম দশাশ্বমেধ ঘাট। সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ দেখার পর এই ঘাটের প্রাধান্য বাঙালিদের কাছে আরও বেড়েছে।
বারাণসীতে হাজির হওয়া পর্যটক ও পুণ্যার্থীদের অনেকেই এখানে একবার আসেন। সেই দশাশ্বমেধ ঘাটের ধারে রয়েছে মন্দিরও। সেসব এখন অনেকটাই জলের তলায় চলে গেছে। মন্দিরের মাথাটা জেগে আছে। ঘাটের অনেকটা উপর পর্যন্ত জল উঠে এসেছে।
উত্তরাখণ্ডে আবার অন্য চিত্র। সেখানেও প্রবল বৃষ্টিতে নাজেহাল জনজীবন। তমসা সহ অনেক নদী ফুঁসছে। হিমাচল প্রদেশে এতটাই বৃষ্টি হচ্ছে যে সেখানে ইতিমধ্যেই ১২৫টি রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবার অন্য এক নজরকাড়া ছবি সামনে এসেছে মধ্যপ্রদেশ থেকে।
মধ্যপ্রদেশের ভিন্দ জেলার ২ সরকারি স্কুলের শিক্ষককে দেখা গেছে বানভাসি এলাকায় জলের ওপর গাড়ির চাকার টিউব ভাসিয়ে তার ওপর চড়ে খালি গায়ে জল পার করতে যাতে তাঁরা সঠিক সময়ে স্কুলে ঢুকতে পারেন।
স্কুলে হাজিরা দিতে ও পঠনপাঠন চালু রাখতে এভাবে বন্যার জলে খালি গায়ে টিউবে চড়ে তাঁদের ভেসে পড়া সারা দেশের নজর কেড়ে নিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা