মৌমাছি নিয়ে কবিতা, গান যতই থাক মৌমাছির ধারেকাছেও কেউ ঘেঁষতে চান না। হুলের ভয় সর্বদা তাড়া করে সাধারণ মানুষকে। মৌচাক দেখলেও নিজেদের একটি ঠিকঠাক দূরত্বে রাখাই ভাল বলে মনে করেন তাঁরা।
কিন্তু এক ২৭ বছরের যুবক অনন্য নজির গড়েছেন। তিনি তাঁর মুখটিকেই মৌমাছির চাকে পরিণত করেন। যেখানে অগুন্তি মৌমাছি ছেঁকে ধরে চারধার। তাঁর মুখ একেবারেই হারিয়ে যায় মৌমাছিদের ভিড়ে। যা কার্যত হতবাক করে দিয়েছে সকলকে।
কারণ মৌমাছি একটুও বিপদ বুঝলেই হুল ফোটানো শুরু করবে। আর যুবকের মুখ জুড়ে থাকা ওই অত মৌমাছি যদি হুল বেঁধায় তাহলে যুবকের কি হাল হবে তা অনুমেয়।
তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার ভালিয়ুরের বাসিন্দা ইসাক্কি মুত্থু এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। স্থানীয়দের কাছে মুরুগান নামে পরিচিত ওই যুবক ৫ ঘণ্টা ৩ মিনিট ধরে নিজেকে শান্ত করে মৌমাছিদের মুখ জুড়ে থাকার সুযোগ করে দেন। তাঁর মুখ দেখা যাচ্ছিল না। শুধু অসংখ্য মৌমাছি নজর কাড়ছিল।
৫ ঘণ্টা ৩ মিনিট ওইভাবে থেকে মুরুগান রেকর্ড গড়েছেন। বিশ্বে এখনও এতক্ষণ এভাবে আর কেউ থাকতে পারেননি। প্রসঙ্গত পেশায় মৌমাছির চাষ করেন মুরুগান।
তিনি চান মৌমাছি যে মানুষের কতটা উপকারে লাগে, কতটা কৃষক বন্ধু, তা সকলের কাছে পৌঁছে দিতে। আর সেটা করতে গিয়েই তিনি এই হাড় হিম করা কাণ্ড করে দেখালেন।