ধুতির রং হবে সাদা। যার পারে থাকবে সোনালি সুতোর কাজ। এটাই মুন্দু ধুতিকে অন্যসব ধুতির থেকে আলাদা করেছে। এবার সেই ধুতি দিয়ে তৈরি হল এক অভিনব সাজ। যা একটি শপিং মলের মাঝের চত্বরে সকলের নজর কেড়ে নিল।
৩০ ফুট ব্যসের একটি ফুলের মত কার্পেট তৈরি হল ৩ হাজার এমন মুন্দু ধুতি দিয়ে। এই ধরনের ফুলের মত দেখতে কার্পেটকে বলা হয় পুক্কালাম। মুন্দু ধুতি দিয়ে এশিয়ার সবচেয়ে বড় পুক্কালাম তৈরি করে ইতিহাস রচনা হল।
যা এশিয়া বুক অফ রেকর্ডস-এ জায়গাও করে নিয়েছে। মুন্দু ধুতির রঙিন পারের সৌন্দর্য এমনভাবে সেজে উঠেছিল যে যাঁরাই দেখতে আসেন তাঁরা আর চোখ ফেরাতে পারেননি।
কেরালার কোচির ফোরাম মলে এই পুক্কালাম কেরালার মানুষের জন্য একটা বিশেষ অনুভূতিও। কারণ এই মুন্দু ধুতি হল কেরালার মানুষের কাছে এক পারম্পরিক পোশাক। ওনাম উপলক্ষে এমন পরম্পরায় চলে আসা ঐতিহ্যবাহী মুন্দু ধুতি পুরুষদের অন্যতম পোশাক।
এমন ৩ হাজার মুন্দু ধুতি সাজিয়ে এভাবে এই ফুলের কার্পেট তৈরি করা হয়। যা ওনামের সময় প্রায় প্রতিটি পরিবারে সাজানো হয়। সেটা হয় সত্যিই ফুল দিয়ে।
ওনাম উৎসব এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কেরালার প্রায় সব পরিবারই বাগান থেকে ফুল তুলে বা দোকান থেকে এনে বাড়িতে ফুল দিয়ে এমন কার্পেটের মত তৈরি করে। যাকে আলপনাও বলা যেতেই পারে। সেই ভাবনাকেই এবার ফুলের বদলে মুন্দু ধুতি দিয়ে সাজিয়ে নজর কাড়ল ওই শপিং মল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা