চলে গেলেন বাংলা সিনেমার অন্যতম নায়িকা, শেষ হল একটি যুগের

তাঁর অভিনয় ছিল একদম অন্য ঘরানার। ফলে তাঁর পর্দায় উপস্থিতি আলাদা করে দর্শকের মনে দাগ কাটতে পেরেছিল। একইসঙ্গে হিন্দি সিনেমাতেও সমান অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে মিঠু মুখোপাধ্যায়

চলে গেলেন বাংলা সিনেমার অন্যতম দাপুটে অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৭১ বছর। তাঁকে মানুষ নানা চরিত্রের জন্য মনে রেখেছেন। সে মৌচাকের নীপা-ই হোক বা স্বয়ংসিদ্ধা-র দাপুটে বধূ। তাঁর অভিনয় বারবার দাগ কেটেছে।

সেই মিঠু মুখোপাধ্যায় চলে গেলেন চিরঘুমের দেশে। মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যানসারে আক্রান্ত ছিলেন। চিকিৎসা চলছিল। কিন্তু শেষরক্ষা হল না।

মুম্বই ছিল দীর্ঘদিন তাঁর স্থায়ী ঠিকানা। কলকাতার পাততাড়ি তিনি অনেক আগেই গুটিয়ে নিয়েছিলেন। মুম্বইয়ের স্থায়ী বাসিন্দা মিঠু মুখোপাধ্যায়ের অভিনয় জীবন খুব লম্বা নয়। ২০ বছরের মত। কিন্তু সেই সময়কালেই তিনি তাঁর নিজের একটা আলাদা ছাপ তৈরি করেছিলেন বাংলা ও হিন্দি সিনেমায়।

বাংলায় তাঁর অভিনীত আশ্রিতা সিনেমাটি বক্স অফিসে বহুদিন ধরে শাসন করেছিল। মর্জিনা আবদুল্লা সিনেমায় মর্জিনার চরিত্রেও তিনি আলাদা করে নজর কেড়েছিলেন।

শুধু বাংলা সিনেমা বলেই নয়, হিন্দি সিনেমার জগতেও তিনি আলাদা করে নজর কেড়েছিলেন। ফলে বাসু চট্টোপাধ্যায় থেকে দুলাল গুহ, অনেক পরিচালকের সঙ্গেই মিঠু মুখোপাধ্যায় হিন্দি সিনেমায় কাজ করেছেন।

বিপরীতে পেয়েছেন রাজ কাপুর, উত্তম কুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, বিনোদ মেহেরার মত অভিনেতাদের। তাঁর প্রয়াণ একটা যুগের সমাপ্তি ঘটাল। খুব কমসময়ের অভিনয় জীবনে মিঠু মুখোপাধ্যায় নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র জগত।