দার্জিলিং নামটা বাঙালির কাছে তো বটেই, এমনকি দেশের নানা প্রান্তে এবং বিদেশিদের কাছেও একটা আশ্চর্য আকর্ষণ। বাঙালির কাছে তো সমুদ্র বললে দিঘা আর পাহাড় বললে দার্জিলিং আদি অনন্ত।
পুজোর সময় অনেকে বেড়াতে চলে যান। দার্জিলিংয়েও পুজোর সময় ভিড় কম থাকেনা। দুর্গাপুজোকে সামনে রেখে পর্যটকদের দার্জিলিং বেড়ানোর আনন্দকে আরও মোহময় করে তুলতে এবার উদ্যোগ নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। যাদের তত্ত্বাবধানে চলে বিখ্যাত টয় ট্রেন।
সেই টয় ট্রেনে এবার নতুন সংযোজন বিশেষ ট্রেন। সিঙ্গল ট্রিপ জয় রাইডের ব্যবস্থা করেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত আনন্দ যাত্রা সকাল ৯টা ২০ মিনিট ও ১১টা ২৫ মিনিটে হবে। আর ঘুম থেকে দার্জিলিং ফেরা হবে ১০টা ২৫ মিনিট ও ১২টা ৩০ মিনিটে। এক পিঠ যাত্রার জন্য ৮০০ টাকা ভাড়া ধার্য হয়েছে।
অন্যদিকে কার্শিয়ং থেকে মহানদী পর্যন্ত বিশেষ রাউন্ড ট্রিপ যাত্রার ব্যবস্থা হয়েছে। এই রুটে যাওয়া মানে হিমালয়ের অপার সৌন্দর্যকে খুব কাছ থেকে দেখার সুযোগ। একটি যাত্রার নাম দেওয়া হয়েছে রেড পান্ডা।
এক্ষেত্রে ট্রেনটি সকাল ৯টায় ছাড়বে কার্শিয়ং থেকে আর মহানদী থেকে ফেরত আসবে সকাল ১০টায়। রেড পান্ডা সফর বেছে নিলে মাথাপিছু খরচ ১ হাজার ৫৩০ টাকা।
অন্য সফরটি বিকেলে। তার নাম দেওয়া হয়েছে মুক্ত ধারা। এক্ষেত্রে কার্শিয়ং থেকে ট্রেন ছাড়বে বিকেল ৩টে ১৫ মিনিটে আর মহানদী থেকে ফেরত আসবে বিকেল ৪টের সময়। মুক্ত ধারা বেছে নিলে খরচ একটু কম। এক্ষেত্রে মাথাপিছু খরচ পড়বে ১ হাজার ৩০ টাকা।