রেললাইনে দাঁড়িয়ে রিল বন্ধ করতে বাংলায় বড় পদক্ষেপ করল পূর্ব রেল

সমাজ মাধ্যমে নিজেকে নজরকাড়া করে তুলে ধরার নেশায় রেললাইনে অনেকে রিল বানিয়ে থাকেন। বাংলায় এমন করলে কিন্তু এবার সমস্যায় পড়তে পারেন সংশ্লিষ্ট নারী বা পুরুষ।

ভারতীয় রেল, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @Belur Ashok

সমাজ মাধ্যমের নেশা, রিল বানানোর নেশা সর্বত্রগামী। রেললাইনে ঝুঁকি নিয়ে রিল বানাতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন অনেকে। কিন্তু তাতেও নেশায় খামতি নেই। ঝুঁকি নেওয়া চলছেই।

এমন স্টান্ট দেওয়া বন্ধ করতে এবার পূর্ব রেল কড়া পদক্ষেপের পথ ধরেছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ৮৫৩ জন। তাও মাত্র ৩ মাসে। ১ মে থেকে ৩১ জুলাইয়ের মধ্যে।

হাওড়া, শিয়ালদা, আসানসোল এবং মালদা ডিভিশন মিলিয়ে এই পদক্ষেপ করা হয়েছে। এছাড়া আর্থিক জরিমানা ধার্য করা হয়েছে। একাধিক উপায়ে উৎসাহীদের বিরত করার প্রচেষ্টা চালাচ্ছে রেল।

যদিও রেলের আধিকারিকরাও মেনে নিচ্ছেন মানুষ নিজে যতদিন না সচেতন হচ্ছেন, যতদিন না দায়িত্বশীল আচরণ করছেন, ততদিন পর্যন্ত কেবল কড়া ব্যবস্থা নিয়ে এই বিষয়কে সম্পূর্ণ বন্ধ করা মুশকিল।

অনেক সময়ই রোমহর্ষক নজরকাড়া ভিডিও বানাতে গিয়ে অনেকে ট্রেনের খুব কাছে এসে পড়ছেন। তাতে অনেক সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। জীবনও যাচ্ছে। এটাও রেলের আধিকারিকরা মনে করিয়ে দিচ্ছেন যে রেললাইন হাঁটাচলার জায়গা নয়।

চট করে এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার জন্য রেলের লাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়া কখনই উচিত নয়। রেললাইন ছবি তোলা বা সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানানোর জন্য ব্যবহার করার জায়গা নয়। এসব রুখতে পূর্ব রেল যে আরও কড়া ব্যবস্থার পথে হাঁটছে তাও পরিস্কার করে দিয়েছেন আধিকারিকরা।