বিশ্বের উচ্চতম রেল ব্রিজটি রয়েছে ভারতেই। কাশ্মীরে চন্দ্রভাগা নদীর ওপর পাহাড়ি এলাকায় তৈরি এই ব্রিজটি বাস্তবেই এক অবিশ্বাস্য রেল ব্রিজ। যা এক অনন্য ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ।
চন্দ্রভাগা নদী থেকে ১ হাজার ১৭৮ ফুট উপর দিয়ে তৈরি এই ব্রিজ একটি গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ। যে ব্রিজের ওপর দিয়ে বন্দে ভারত যাত্রী নিয়ে আগেই যাত্রা শুরু করেছে। তবে এদিন বন্দে ভারত তার গতিকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গেছে।
এই প্রথম চন্দ্রভাগার ওপর এই ব্রিজের ওপর দিয়ে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটল বন্দে ভারত। এর আগে গতি বেঁধে দেওয়া ছিল ৭৫ থেকে ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। তা এদিন বেড়ে এই ব্রিজটির ওপর শত কিলোমিটার গতিতে ছুল ট্রেনটি। যাত্রীরা এক অভিনব ইতিহাসের সাক্ষী হলেন।
রেলমন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পরই চেনাব ব্রিজের ওপর এই গতি নিতে অনুমতি দেওয়া হয় বন্দে ভারতকে। তবে তার আগে এই গতি আদৌ ব্রিজটির পক্ষে সঠিক কিনা তা পরীক্ষা করে দেখা হয়।
রেল আধিকারিকরা মনে করছেন এই গতি বৃদ্ধি যাতায়াতের সময় কমিয়ে দেবে। পর্যটনকে আরও শক্তিশালী করবে। কাটরার বৈষ্ণোদেবী থেকে বানিহাল পর্যন্ত ১১১ কিলোমিটার পথে যাত্রার সময় যেমন কমবে তেমনই এই অঞ্চলের বাণিজ্যিক দিকটিও উন্নত হবে।
তবে চেনাব নদীর ওপর এই প্রথম ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বন্দে ভারতের ছুটে যাওয়া অবশ্যই ভারতীয় রেলের এক নতুন অধ্যায় রচনা করল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা