দেশের অন্যতম শহর এবার জুড়ে যেতে চলেছে রেললাইনে, বদল যাবে যোগাযোগ মানচিত্র

ভারতীয় রেল পরিষেবার সঙ্গে এবার জুড়ে যেতে চলেছে দেশের এক অন্যতম শহর। যা অবশ্যই যোগাযোগ মানচিত্রের ক্ষেত্রে বদল আনতে চলেছে।

ভারতীয় রেলের মানচিত্রে যুক্ত হতে চলা ইম্ফল, ছবি - আইএএনএস

দেশের রেললাইনের সঙ্গে দেশের সব কোণার সব জায়গা যুক্ত নয়। এবার সেই সংযুক্তির কাজে আরও এক বড় পদক্ষেপের পথে ভারতীয় রেল। দেশের অন্যতম শহর এবং একটি রাজ্যের রাজধানী শহর জুড়ে যেতে চলেছে রেলপথের সঙ্গে। যা ওই শহরকে রেলপথে জুড়ে দেবে ভারতের সব জায়গার সঙ্গে। এটা এক বড় পাওনা হতে চলেছে উত্তরপূর্ব ভারতের জন্য।

উত্তরপূর্ব ভারতে রেল যোগাযোগ বিস্তারের চেষ্টা চলছে। সেই চেষ্টায় এবার যুক্ত হল মণিপুরের রাজধানী শহর ইম্ফলের নাম। ইম্ফল এবার যুক্ত হতে চলেছে ভারতের রেল মানচিত্রে।

ভারতীয় রেলের মানচিত্রে মণিপুরের ইম্ফলের যোগ ওই শহরের যোগাযোগ ব্যবস্থাকেই নয়, গুরুত্বও অনেকটা বাড়িয়ে দেবে। বাণিজ্যিক দিক থেকেও ইম্ফলের গুরুত্ব বৃদ্ধি পাবে।

২০২৯ সালকে পাখির চোখ করে এগোচ্ছে কাজ। দক্ষিণ অসমের জিরিবামের সঙ্গে ইম্ফলকে জুড়ে দেওয়ার জন্য লাইন পাতার কাজ চলছে। এই ১১১ কিলোমিটার রেলপথ তৈরি করতে ব্যয়বরাদ্দ করা হয়েছে ২২ হাজার কোটি টাকা।

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের তত্ত্বাবধানে তৈরি হওয়া এই নতুন লাইনের কাজ অত্যন্ত জটিল। ইম্ফল পর্যন্ত রেল যোগাযোগ তৈরি করতে দুর্গম পথ দিয়ে রেললাইন নিয়ে যেতে হচ্ছে।

এই কাজ করতে গিয়ে পাহাড়ি স্থানে অনেক ব্রিজ তৈরি করতে হচ্ছে। অনেক সুড়ঙ্গও কাটতে হচ্ছে যাতে ট্রেনটি ওই পাহাড় ও উপত্যকা পার করে এগিয়ে যেতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা